বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে কারাগারে থাকা দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনকে। তাদের আগামী ২৩ মে নির্ধারিত দিনে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের আগে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন প্রবাসী তারেক রহমান মঙ্গলবার বিকেলে স্কাইপের মাধ্যমে এ নির্দেশনা দেন বলে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ জানিয়েছেন। খালেদা জিয়া ছাড়া প্রাথমিক মনোনয়ন পাওয়া অপর চারজন হলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।
এ প্রসঙ্গে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, এ আসনে প ার্থী মনোনয়নের জন্য মঙ্গলবার বিকেলে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সভায় স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন। তিনি সবার সঙ্গে কথা বলেন ও সবার মতামতের ভিত্তিতে এ নির্বাচনে প্রাথমিকভাবে ৫ জনকে মনোনয়নপত্র দাখিল করতে বলেন।
খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত এ আসনটিতে গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ৮ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে ক্ষমতাসীন দল মনোনয়ন দিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে।
