বাহুবলে দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বাহুবল (হবিগঞ্জ) \ বাহুবলে মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ শিশু নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের কাছে।
তাড়াইলে স্কুল ছাত্রীর মৃত্যু
তাড়াইল (কিশোরগঞ্জ) \ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ভাদেরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রবিবার খাদিজা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি গাভী ও ছয়টি ঘরসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
কুলাউড়ায় দুর্ঘটনায় নিহত ১
কুলাউড়া (মৌলভীবাজার) \ কুলাউড়া-রবিরবাজার সড়কের রাউত্গাঁও ইউনিয়নের যাত্রী ছাউনির সামনে রবিবার রবিরবাজার থেকে কুলাউড়াগামী একটি মাইক্রোবাস পেছন থেকে একটি মোটর সাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী আব্দুল হালিম আবেদ (৪০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবেদ রাউত্গাঁও গ্রামের মৃত মোঃ আব্দুল মান্নানের ৪র্থ পুত্র ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ আব্দুল হাই বেলাল-এর ছোট ভাই।
কেন্দুয়ায় মহিলার মৃত্যু
নেত্রকোনা \ নেত্রকোনা কেন্দুয়ায় সিএনজি ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন মারাত্মক আহত হলে তাদের হাসপাতালে নেয়ার পর রোজিনা (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার রামপুর-গৌরীপুর সড়কের বেখৈরহাটি বাজার সংলগ্ন দারোগা বাড়ি নামক স্থানে।
