হাসপাতালের নির্মাণ কাজ ফেলে ঠিকাদার উধাও

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:২৮
দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ২১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য ভবন নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ ৫ বছরেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় উপজেলাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণ কাজ শেষ না করেই ইট, বালু, রডসহ অন্যসামগ্রী ফেলে রেখে আকস্মিকভাবে উধাও হয়ে গেছে। ফলে অর্ধনির্মিত ভবনটি পড়ে রয়েছে অভিভাবকহীনভাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল বারী বলেন, উপজেলার তিন লাখ মানুষের সরকারিভাবে স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এলাকাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার জন্য সরকারি ২১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে নতুন ভবন নির্মাণ কাজ শুরুর জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। ঠিকাদার কাজ শুরুর পর আকস্মিকভাবে কাউকে কিছু না বলে কাজ ফেলে উধাও হয়ে গেছে। ফলে নির্মাণ কাজ মাঝপথে আটকে গেছে। ঠিকাদারকে কয়েকদফায় চিঠি দিয়েও তার কোন জবাব পাওয়া যায়নি।