পৃথক ঘটনায় ৯ জন নিহত

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:২৯
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। গফরগাঁওয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের ময়রা গ্রামে আছিয়া বেগম(৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পাগলা থানা পুলিশ রবিবার নিহতের বসতঘর থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। চাঁদপুরে নসিমন উল্টে যুবকের মৃত্যু চাঁদপুর শহরের পুরান বাজার রঘুনাথপুর এলাকায় আলুভর্তি নসিমন উল্টে চাপা পড়ে মিন্টু মাঝি (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মিন্টু সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাঝিবাড়ির জামাল মাঝির ছেলে। সে ১ সন্তানের জনক। রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস পাহাড় থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার পুলিশ রবিবার সুখবিলাস পাহাড়ের ধন্যপাড়া নামক জঙ্গল এলাকা থেকে মস্তকবিহীন প্রবাসীর লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ একই ইউনিয়নের নারিচ্ছা গ্রামের প্রবাসী মোহাম্মদ ইউসুফের (৩৫) বলে সনাক্ত করা হয়েছে। তার পরনে থাকা কাপড়-চোপড় এবং শরীরের অন্যান্য চিহ্ন দেখে লাশ সনাক্ত করেছে নিহতের পরিবারের লোকজন। নিহতের মামাতো ভাই সোহেল জানায়, পাওনা টাকা দেয়ার কথা বলে সুখবিলাস গ্রামের প্রবাসীর স্ত্রী সুলতানা নামের এক মহিলা বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে ডেকে নেয় ইউসুফকে। কলাপাড়ায় নিহত ১, আহত ২ মদ্যপ অবস্থায় মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেল আরোহী আনসার আলী (৫০), আবু সালেহ (২৫)। এদের কলাপাড়া হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ফেরিঘাট এলাকায়। চৌগাছায় যুবকের লাশ উদ্ধার যশোরর চৌগাছার আজমতপুর গ্রাম থেকে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী শাবানা খাতুনকে (৩০) আটক করেছে। চৌগাছা থানার ওসি মতিয়ার রহমান জানিয়েছেন সোমবার বাড়ির পাশে পানের বরজে আব্দুর রাজ্জাকের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেনবাগে গৃহবধূ খুন নোয়াখালী সেনবাগে যৌতুকের দাবিতে স্বামীপক্ষের লোকজনের শারীরিক নির্যাতনে বেবি আক্তার (২২) নামে এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছে। থানা পুলিশ রবিবার রাতে উপজেলায় ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রাম থেকে ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. বাবলু মিয়াসহ (২৮)পরিবারের লোকজন পলাতক রয়েছে। মুরাদনগরে দুর্ঘটনায় নিহত এক কুমিল্লা মুরাদনগর উপজেলায় মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের শিবানীপুর নামক স্থানে গত রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় হামিদের (৮৫) মৃত্যু হয়েছে। সে নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানীপুর মধ্যপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। সিরাজদিখানে নিহত ১, আহত ৪ সিরাজদিখান-নিমতলী সড়কের রশুনিয়া নামক স্থানে রবিবার বিপরীতমুখী নছিমন-সিএনজি সংঘর্ষে আলাউদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের চিকিত্সার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। চকরিয়ায় লাশ উদ্ধার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাহাড়ি অরণ্য ছগিরশাহ কাটা এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে পালিয়ে গেছে। শনিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল দেয়ার সময় স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।