জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেও না পেয়ে শিবগঞ্জ উপজেলার শতাধিক শিক্ষক মানবেতর জীবন-যাপন করছেন।
সূত্রমতে, উপজেলার ৭৪টি স্কুলের ৭শ’ ৫০জন শিক্ষক, ১৫টি কলেজের ৪শ’ ৫০জন ও ৪৪টি মাদ্রাসার ৬শ’ ৬০ জন শিক্ষক জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন।
স্বাভাবিকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাকিতে দোকান থেকে সওদা নিয়ে থাকেন এবং প্রতি মাসের ১০/১৫ তারিখের মধ্যে তা শোধ করে আবার বাকিতে সওদা নেয়া শুরু করেন। এমাসে তার ব্যতিক্রম ঘটায় দোকানদাররা বাকিতে সওদা দেয়া বন্ধ করে দিয়েছে।
শুধু তাই নয় ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ বহনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকে আবার ৫শ’ থেকে ১হাজার টাকা কম নিয়ে এক শ্রেণীর সুদ ব্যবসায়ীর কাছে সোনালী ব্যাংকের চেক বিক্রি করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জানান, এপর্যন্ত বেতনের কোন খবর হয়নি।
