ধুনটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩০
বগুড়ার ধুনটের বেড়েরবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসার সুপার আজাহারুল ইসলামের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক টাকার গাছ বিক্রির অভিযোগ উঠেছে। গত রবিবার ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার, এডিসি শিক্ষা অফিস, দুর্নীতিদমন কমিশন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রায় ৩০ বছর পূর্বে ওই প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের সামনে বেশ কয়েকটি কাঠের গাছ রোপণ করা হয়। গত শুক্রবার ওই মাদ্রাসার সুপার কাউকে না জানিয়ে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৬টি গাছ কর্তন করে গোপনে মাদ্রাসার নৈশপ্রহরী আনিছুর রহমানের কাছে কম দামে বিক্রি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সুপার নিয়মবহির্ভূতভাবে গাছ কর্তন করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।