দেলদুয়ার আওয়ামী লীগে কোন্দল :এগিয়ে বিএনপি

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩১
আগামী ১৫ মার্চ দেলদুয়ার উপজেলা নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেলদুয়ারে শুরু হয়েছে উত্সবমুখর পরিবেশ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচারণায় নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি। এদিকে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক চলছে কঠিন হিসাব-নিকাশ। শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফেরদৌস আহমেদ। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক প্রার্থী হিসেবে তাকে জয়ী করতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। এদিকে দলীয় কোন্দলে অনেকটা এলোমেলো আওয়ামী লীগ। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তাদের রয়েছে বিদ্রোহী প্রার্থী। দলীয় কোন্দল মিটিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম ছিদ্দিকীকে জয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান দলের উপজেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক। এদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মতিয়ার রহমান মিয়ার গত ৫ বছরের কিছু নেতিবাচক কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে। তিনি সাধারণ ভোটারদের দৌরগোড়ায় গিয়ে তাদের মন জয় করার চেষ্টা করছেন। এদিকে চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী হামীম কায়েস বিপ্লব (ঘোড়া ) ও আব্দুর রাজ্জাক কাপপিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম ভূঁইয়া (উড়োজাহাজ), বিএনপির এস এম আনিসুর রহমান (টিউবওয়েল), আওয়ামী লীগের এহসানুল হক সুমন (তালা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন মিয়া (টিয়া পাখি), স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান (চশমা) ও তোফায়েল হোসেন (বৈদ্যুতিক বাল্ব)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান তাহমিনা হক (ফুটবল), বিএনপি প্রার্থী রেবেকা পারভীন (কলম), স্বতন্ত্র জাহানারা বেগম (বৈদ্যুতিক পাখা), রুবী আক্তার (প্রজাপতি) ও মিনতি আচার্য (হাঁস ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।