পীরগঞ্জে জমে উঠছে প্রচার প্রচারণা

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩১
আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফয়জুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সাবে চেয়ারম্যান হারুনুর রশিদ পারুল উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, আওয়ামী লীগ সদস্যা ভারতী রানী রায় ও কোষারানীগঞ্জ ইউপির সদস্যা সীতা রানী রায় এবং ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগ সম্পাদক আশরাফ আলী বাদশা, সুকুমার রায় ও উপজেলা জামায়াতের আমির ও ডিএন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশিমের মনোনয়নপত্র বৈধ হওয়ায় পর ব্যাপক গণসংযোগ করে চলেছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ ১০টি ইউনিয়ন ও একটি পৌর কমিটির বিশেষ বর্ধিত সভা করে তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করে ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। গণসংযোগ ক্ষেত্রে বিএনপিও পিছিয়ে নেই। অন্য প্রার্থীরাও ছুটছেন সমান তালে। ফলে বিভিন্ন দলের সমর্থকরা হোটেল-রেস্টুরেন্ট ও ‘চা’ স্টলে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ছেন যার যার পছন্দের প্রার্থীকে নিয়ে। সেইসঙ্গে প্রার্থীদের সততা, যোগ্যতা ও শিক্ষা-দীক্ষা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সবমিলিয়ে গ্রাম-গঞ্জ-শহরে এখন উপজেলা নির্বাচনের আলোড়ন সৃষ্টি হয়েছে।