আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আটটি বাম দল নিয়ে গঠিত ওই জোটের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও গণসংহত আন্দোলন বগুড়ার আহ্বায়ক আব্দুর রশিদ।
লিখিত বক্তব্যে তিনি উপ-নির্বাচন বর্জনের কারণ ব্যাখ্যা করে বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত রাতের ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচনের নামে একটি প্রহসনের নির্বাচন হয়েছে। দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে চরমভাবে ক্ষুব্ধ। কিছুদিন আগে উপজেলা নির্বাচনেও দেখা গেছে শাসক দল তার দলীয় প্রার্থীদের ২০০টিরও বেশি উপজেলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচনের আগে নির্বাচন কমিশন বলেছিল, সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচন হবে এবং হয়েছেও তাই। এই অবস্থা বিবেচনায় নিয়ে কলঙ্কিত নির্বাচনের দগদগে ঘা শুকানোর ব্যবস্থা না করায় আমরা বাম গণতান্ত্রিক জোট এই উপ-নির্বাচনে অংশগ্রহণ করছি না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের বগুড়া জেলা আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদের (মার্কবাদী) বগুড়া জেলা আহবায়ক সামছুল আলম দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
