হরিপুরে বিএনপির একক আ’লীগের একাধিক প্রার্থী

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩১
আগামী ১৫ মার্চ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে হরিপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণায় কোমর বেঁধে নেমেছেন। এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সাবেক অধ্যক্ষ ও জেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম (কাপ-পিরিচ)। আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল (মোটর সাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম শামীম ফেরদৌস টগর (ঘোড়া)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল (টিউবওয়েল), বিএনপি থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী (চশমা), জামায়াতের উপজেলা সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপা (হাঁস) ও বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন (কলস)। দলের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগ এবারও ব্যাকফুটে রয়েছে। অপরদিকে বিএনপি একক প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে বেশ শক্ত অবস্থানেই রয়েছে বলে মনে করছেন রাজনীতি সচেতনমহল।