মিঠাপুকুর উপজেলার ৬টি গ্রামের জনসাধারণসহ শিক্ষার্থীদের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। দুঃখ-কষ্টকে ভাগ্যের লিখন ভেবেই সাঁকোটি দিয়ে পারাপারের মধ্যেই জীবন-জীবিকা চলছে তাদের। কয়েক যুগ ধরে উপজেলার জাফরপুর শালমারা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও এ অঞ্চলের মানুষের সে দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি।
বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের পায়রাবন্দে। আর এই পায়রাবন্দ ইউনিয়নের বিভিন্ন জায়গায় আগের তুলনায় এখন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েই চলেছে। এ ইউনিয়নের মধ্যদিয়ে ঘাগট ও শালমারা নদী বয়ে গেছে। নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ যাতায়াত করে। এছাড়া জনসাধারণসহ কৃষকদের পণ্যসামগ্রী পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হয়।
নদীর ধারে জাফরপুর দাখিল মাদ্রাসা, শালমারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বিরাহীমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, পায়রাবন্দ বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি মহাবিদ্যালয়, জয়রামপুর ও শালাইপুর বিদ্যালয় এবং চুহড় উচ্চ বিদ্যালয় রয়েছে নদীর দু’পাড়ে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কম সময়ে যাওয়া-আসার জন্য জাফরপুর মাদ্রাসা সংলগ্ন বাঁশের সাঁকোটি তাদের একমাত্র ভরসা। ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন সরকারের কাছে।
