নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী ১৩ মার্চ

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩৬
বাংলাদেশ ব্যাংকের আয়োজনে দেশের বৃহত্তম নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সম্মেলনে দেশের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে উপকারভোগী, অ্যাসোসিয়েশন, চেম্বার এবং এসএমই সংক্রান্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ওই দিন সকালে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে ৭৮টি স্টল থাকবে, যা লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে। নারী উদ্যোক্তা সম্মেলন উপলক্ষে সোমবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মাছুম পাটোয়ারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সহ-সভাপতি ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, এবিবি’র সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের এসএমই ফ্যাকাল্টি কনসালটেন্ট সুকোমল সিংহ চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর.এফ. হোসাইন, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কান্তি কুমার সাহা প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএমই খাতে নারী উদ্যোক্তা অর্থায়ন উত্সাহিত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা তথা সমতাভিত্তিক টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা। বাংলাদেশ ব্যাংকে এসএমই বিভাগ গঠনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে অধিকহারে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা। নারীদেরকে অর্থনৈতিক মূলধারায় অধিকহারে সম্পৃক্তকরণের উদ্দেশ্যে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আর্থিক সুবিধা নিশ্চিত করা। সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ পরিচালিত পুনঃঅর্থায়ন স্কিমের ন্যূনতম ১৫ শতাংশ মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা, নারী উদ্যোক্তাদেরকে স্বল্প সুদে তথা ১০ শতাংশে ঋণ বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রতিটি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তাদের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা দেয়া হচ্ছে।