রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য মনগড়া এবং অনুমান নির্ভর বলে দাবি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত এক ব্যাখ্যা দিয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি), উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি)- কেউই প্রকল্প থেকে বেতন-ভাতা গ্রহণ করেন না। তারা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়মিত কর্মকর্তা এবং তারা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকেই নির্ধারিত স্কেলে বেতন-ভাতা গ্রহণ করেন। এছাড়া কোম্পানিতে এখনও কোনো গাড়িচালক এবং বাবুর্চি নিয়োগ করা হয়নি। তাদের বেতন-ভাতা দেওয়ার প্রশ্ন অবান্তর। তবে ভবিষ্যতে নিয়োগ করা হলে কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী গাড়িচালক এবং বাবুর্চির মাসিক বেতন হবে ভাতাসহ প্রায় ২৪ হাজার ৪০০ টাকা। প্রকল্পে বর্তমানে যে সকল গাড়িচালক এবং বাবুর্চি আছে তারা মাস্টার রোলে দৈনিক ভিত্তিতে মাসে সর্বোচ্চ ১৫,৫০০ টাকা পান। সুতরাং প্রকল্প ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সম্পর্কে যে সকল তথ্য প্রকাশ করা হয়েছে, তা নিতান্তই কল্পনাপ্রসূত এবং প্রকল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াস।
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এবং ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ-তথ্য প্রকাশিত হয়। সারাদেশে এটি আলোচিত-সমালোচিত হয়। এমন প্রেক্ষাপটে এ ব্যাখ্যা দিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তবে এ ব্যাখ্যায় প্রকল্পের ক্রয় খাতে দুর্নীতির অভিযোগের ব্যাপারে কিছুই বলা হয়নি। যে কেলেঙ্কারির বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে হাইকোর্ট।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্পে এখন পর্যন্ত যে সকল কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন তারা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়মিত কর্মকর্তা-কর্মচারী। সুষ্ঠুভাবে প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে তাদেরকে এ প্রকল্পে সংযুক্ত করা হয়েছে এবং সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী তারা পরমাণু শক্তি কমিশন হতে বেতন-ভাতা গ্রহণ করছেন। অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো সমধর্মী অপরাপর পাবলিক লিমিটেড কোম্পানির বেতন কাঠামো পর্যালোচনাপূর্বক কোম্পানির বোর্ড কর্তৃক নির্ধারণ করা হয়েছে। যে বোর্ডে পরিচালক হিসেবে সরকারের অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা-মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।

