কুমিল্লার লাকসাম ও সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে বাগেরহাটের ফকিরহাটে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বিভিন্ন কারণে ছয়টি উপজেলার ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর ফলে তিন উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর ও কয়েকটি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফল প্রকাশ স্থগিত ছিল। গতকাল সোমবার এসব কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার লাকসাম উপজেলার স্থগিত দুই কেন্দ্রে গতকাল অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. ইউনুছ ভুঁইয়াকে বেসরকারি-ভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।
চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, তাড়াশের স্থগিত বিন্নবাড়ি কেন্দ্রে নির্বাচনের পর গতকাল আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হককে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান জয়লাভও করেছেন।
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, ফকিরহাট উপজেলার স্থগিত কেন্দ্রে নির্বাচনের পর গতকাল বিএনপি সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কামাল কারিমকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আমাদের জামালপুর প্রতিনিধি জানান, মেলান্দহ উপজেলার স্থগিত দুইটি কেন্দ্রে নির্বাচনের পর বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুল আলম সিদ্দিকিকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বকশীগঞ্জে একটি স্থগিত কেন্দ্রে নির্বাচনের পর আওয়ামী লীগ সমর্থিত তাহমিনা বেগমকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি জানান, সেখানকার স্থগিত ছয়টি কেন্দ্রে নির্বাচনের পর আওয়ামী লীগ সমর্থিত ওয়াহিদুর রহমানকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে।
