কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত ৪-৭ মার্চ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে হাঙ্গেরী সরকার এবং জাতিসংঘের কৃষি ও খাদ্যসংস্থা (এফএও) কর্তৃক আয়োজিত গ্লোবাল ফোরাম এন্ড এক্সপো অন ফ্যামিলি ফার্মিং এ অংশগ্রহণ করেন। উক্ত গ্লোবাল ফোরামে তিনি বিভিন্ন দেশের মন্ত্রী, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে বাংলাদেশের জৈব প্রযুক্তি বিষয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রমের উপর আলোকপাত করেন। এছাড়া বাংলাদেশের বিটি বেগুন অবমুক্তি এবং জৈব প্রযুক্তি বিষয়ক গবেষণার অগ্রগতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করার লক্ষ্যে উক্ত ফোরামে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষপটে বাংলাদেশের কৃষিকে যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সে বিষয়ে বর্ণনা দেন। মন্ত্রী ফ্যামিলি ফার্মিং-এর বিষয়ে বিশেষ করে বাংলাদেশের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে এবং দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে এ প্রকল্পের অবদানের কথা তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করে কৃষি উন্নয়নে মহিলাদের অবদানের বিষয়ে তিনি জানান, ঐতিহাসিকভাবে বাংলাদেশের মহিলাগণ কৃষির সাথে সম্পৃক্ত এবং কৃষিতে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। - প্রেস বিজ্ঞপ্তি
