অরুণাচলে সন্ত্রাসী হামলায় বিধায়কসহ নিহত ১১

আপডেট : ২২ মে ২০১৯, ০০:৪৬

ভারতের অরুণাচল রাজ্যে সন্ত্রাসী হামলায় বিধায়কসহ ১১ জন নিহত হয়েছেন। গতকাল রাজ্যের তিরাপ জেলার বোগাপানি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় ২০ জন আততায়ী ঘিরে ফেলে পশ্চিম খোনসা বিধানসভার বিধায়ক তিরং আবো এবং তার সঙ্গীদের। প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। তিরং এবং তার সঙ্গীদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরং এবং তার দশ সঙ্গীর। তিরাপের জেলাশাসক পি এস থুঙ্গন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আততায়ীদের হাতে বিধায়কসহ ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীকে সন্দেহ করছে। তিরাপ জেলায় ওই সংগঠনের যথেষ্ট প্রভাব রয়েছে। খাপলাং গোষ্ঠীর একটি অংশ আলোচনায় বসার বার্তা দিলেও ওই সংগঠনের মিয়ানমার থেকে নিষ্ক্রিয় অংশ এখনও আলোচনায় রাজি নয়। -আনন্দবাজার পত্রিকা