দেশের নামের চেয়ে নিশ্চয় বিজ্ঞাপন বড়ো নয়

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২০:৪৩
গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ এখন বাংলাদেশের স্টেডিয়ামের সংবাদ নিতে ব্যস্ত। এশিয়া কাপ শেষ হয়েছে, এরপর শুরু হবে চার-ছয়ের সেই T20 বিশ্বকাপ। রঙ বেরঙের ক্রিকেট জার্সি পরে দেশের নামটি বিশ্বের কাছে ফুটিয়ে তুলবে খেলোয়াড়রা। খেলা উপভোগ করে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকরা। জার্সিতে লেখা দেশের নামটি উজ্জ্বল হয়ে ফুটে ওঠে বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী ভক্তের কাছে। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের জার্সিতে বড় করে দেশের নাম লেখা। INDIA, PAKISTAN, SRILANKA সহ সব দেশের নাম স্ব স্ব দেশের খেলোয়াড়দের জার্সিতে বড় করে লেখা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, যখন আমাদের দেশের ক্রিকেট জার্সির দিকে লক্ষ করি তখন দেখি—বড় করে লেখা SAHARA BANGLADESH। একটু নিরপেক্ষ দৃষ্টিতে লক্ষ করলে দেখা যাবে অন্য দেশের কেউ ভাবতে পারে SAHARA BANGLADESH একটি দেশের নাম। SAHARA ভারতীয় একটি কোম্পানি। আমি বিজ্ঞাপনের বিরোধিতা করছি না। বরং বিজ্ঞাপন আর্থিক জোগানের অন্যতম উত্স। কিন্তু প্রশ্ন হলো—SAHARA নামটি জার্সির অন্য কোথাও কি লেখা যেতো না? ঠিক আমাদের দেশের নামের সঙ্গে বড় করে লিখতে হবে? বিশ্বের অন্যান্য দেশের জার্সিতে বিজ্ঞাপন আছে কিন্তু সেখানে তাদের দেশের নামটি প্রাধান্য পেয়েছে আর এটাই স্বাভাবিক। খেলার মাধ্যমে আমাদের এই লাল সবুজের দেশের নামটি বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকের হূদয়ে গেঁথে থাকুক—এটাই আমরা চাই। এই নামটি কোটি হূদয়ে স্পন্দিত হতে কেন বাধাপ্রাপ্ত হবে? আজ ছোট্ট শিশুটিও যখন খেলা উপভোগ করে, তার বাবাকে জিজ্ঞাসা করে—বাবা আমাদের দেশের নামটি বইয়ে লেখা নামের সঙ্গে মিল নেই কেন? কী উত্তর আছে এর? বিসিবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো SAHARA BANGLADESH নয়, বিশ্বের মানুষকে আমাদের এই লাল-সবুজের, লক্ষ ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নামটি পড়তে যেন হোঁচট খেতে না হয়। বিজ্ঞাপন হোক বিজ্ঞাপনের আকারে, দেশের নামের চেয়ে নিশ্চয় বিজ্ঞাপন বড় নয়। যশোর