চট্টগ্রামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২১
চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন ও ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম ঐক্যপরিষদ। গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্যপরিষদের নেতারা বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হলে কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হবে। আমাদের চাকরি স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হবে। এতে বেতন-ভাতা ছুটি ও চাকরি সংক্রান্ত বিভিন্ন জটিলতা সৃষ্টি ও হয়রানির শিকার হতে হবে। কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত হলে তাদের চাকরির অনিশ্চয়তা তৈরি হবে। কর্মকর্তা-কর্মচারীদের দলীয় বিবেচনায় নিয়োগ ও চাকরিচ্যুত করার সুযোগ সৃষ্টি হবে। ৬ দফা দাবিসমূহ হচ্ছে-মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বহাল রেখে চট্টগ্রামে আলাদা একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, হাসপাতালের সকল প্রকার দুর্নীতি, অনিয়ম বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ, হাসপাতালের অবৈতনিক বিশেষ কর্মচারী দ্বারা রোগী হয়রানি বন্ধ রাখা, টেন্ডারের মাধ্যমে জনবল নিয়োগ বন্ধ করা, সরকারি নার্স, কর্মকর্তা-কর্মচারীর নতুন পদ সৃষ্টি ও শূন্যপদে জনবল নিয়োগ প্রদান, হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো, চমেক হাসপাতালকে দালাল প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার নামে রোগী হয়রানি বন্ধ করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যপরিষদের সভানেত্রী রোমেনা আক্তার, সাদেকুর রহমান, মোহাম্মদ নাসের, রতন কুমার নাথ, আফরোজা আক্তার ডলি, রতন আলী মিয়া, সন্তোষ কুমার রুদ্র প্রমুখ।