সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২৪
বানারীপাড়ায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক,শহিদুল ইসলাম,মামুন উর রশিদ স্বপন, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মজিবর রহমান ও মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক জাকির হোসেন। শ্যামনগরে কর্মশালা ও বীজ বিতরণ অনুষ্ঠান শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ শ্যামনগরে হায়বাতপুর আই,সি,এম কৃষি ক্লাব ও কৃষি নারী সংগঠনের আয়োজনে আটুলিয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠান কবিরাজ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হায়বাতপুর কৃষি ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি নারী সংগঠনের পরিচালিকা এফ,টি ফরিদা বেগম ও নারগিস পরভিন। বক্তাগণ ভেষজ চিকিত্সা জৈবসার, জৈববালাই নাশক, তৈরি ও ব্যবহার প্রদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেন। ডিমলায় দুর্যোগে স্বেচ্ছাসেবীদের উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল মঙ্গলবার পল্লীশ্রী রি-কল প্রকল্প অফিসের হলরুমে সিবিও নেত্রীদের দুর্যোগ স্বেচ্ছাসেবীদের উদ্ধার অভিযান বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ কবলিত এলাকার জনগণকে কিভাবে সহযোগিতা করা যায় এবং কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে তা প্রশিক্ষণে আলোচনা করা হয়। এছাড়া একটি ডেমো সেশন পরিচালনা করে (অগ্নিকাণ্ড) বিভিন্ন উপকরণের ব্যবহারবিধি জানানো হয়। অক্সফামের অর্থায়নে পল্লীশ্রী রি-কল প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন পুরান চন্দ্র বর্মন, প্রকল্প সমন্বয়কারী। ফরিদপুরে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন ফরিদপুর প্রতিনিধি \ তথ্যপ্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে গেল ফরিদপুর। গতকাল মঙ্গলবার ফরিদপুরে বেসরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো থ্রিজি নেটওয়ার্কের। এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ফোনের রিজিওনাল প্রধান সিরাজউদ্দীন লস্কর, এরিয়া ম্যানেজার সাহিদুুল ইসলাম, টেরিটরি অফিসার মইনুল ইসলাম, ডিস্ট্রিবিউশন অফিসার ইমরুল হকসহ গ্রামীণ ফোনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। লালমনিরহাটে পরিবেশ দূষণ প্রতিরোধে অ্যাডভোকেসী সভা লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা বুর্যো ব্যবস্থাপনায় ও পাশা বিজনেন্স সেন্টার, ঢাকা-এর সহযোগিতায় পরিবেশ দূষণ প্রতিরোধে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকার। বক্তব্য রাখেন, মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম। সংস্থার কনসালটেন্ট ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক ডেপুটি চীফ আব্দুল লতিফ, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন প্রমুখ। শেরপুরে ডাল-তেল মশলা বীজ উত্পাদন বিষয়ক প্রশিক্ষণ শেরপুর প্রতিনিধি \ চাষী পর্যায়ে উন্নতমানের ডাল-তেল ও মশলা বীজ উত্পাদন এবং সংরক্ষণে শেরপুরে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। শেরপুর খামারবাড়ী মিলনায়তনে গত সোমবার এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। এতে প্রশিক্ষক ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. আব্দুল মুঈদ, শস্য উত্পাদন বিশেষজ্ঞ বিলাস চন্দ্র পাল, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ ফজলুল করিম সানি। মিঠাপুকুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে বেগম রোকেয়া শিশুনিকেতন স্কুলের ১৫০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশীদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও জেলা প্রশাসক মহোদয়ের পত্নী ফারহানা ইয়াসমিন ফরিদ। এছাড়াও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগের কমিটি গঠন সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার পৌর ছাত্রলীগের আহবায়ক খন্দকার মাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সুমন মিয়া, আনন্দ মহন্ত, আলামিন প্রমুখ। আলোচনা শেষে আসাদুজ্জামান সাজুকে সভাপতি ও সবুজ রানাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সামিউল ইসলাম (সামু), যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ও ডি ডব্লিউ ডিগ্রী কলেজের ছাত্রলীগ আহবায়ক রতন মিয়া। সৈয়দপুর পৌর মেয়রের সাথে সাংবাদিকদের মতবিনিময় সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার গত সোমবার জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তিনি বলেন, সৈয়দপুরের শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, রেলওয়ের বিপুল পরিমাণ লীজ প্রদান, পৌরসভার সার্বিক উন্নয়নের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি ৯ লাখ টাকার মালামাল লুট সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় জালকুড়ি তালতলা এলাকার শাকুর মাস্টারের বাড়িতে। জানা যায়, একদল মুখোশধারী ডাকাত শাকুর মাস্টারের বাড়ির গেটের তালা ভেঙ্গে ভাড়াটিয়া হাজী আনোয়ারা বেগমের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে আনোয়ারা ও তার ছেলেসহ ঘরের সকলের হাত, মুখ ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে আলমারির চাবি ছিনিয়ে নেয়। দুমকি উপজেলা চেয়ারম্যান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পটুয়াখালী প্রতিনিধি \ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে ২০১৩ সলের জন্য জাতীয় পর্যায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো.হারুন-অর-রশীদ হাওলাদার। তিনি সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে পদক ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ মাঠ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে অধিকতর শিক্ষিত এবং যোগ্যদেরকে নিয়ে এসএমসি গঠন, প্রতিটি বিদ্যালয়ে মা-সমাবেশের আয়োজনসহ বিভিন্ন পদক্ষেপ নেন। মৌলভীবাজার পবিসের জিএম আন্তর্জাতিক কনফারেন্সে মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার শাহ্ জুলফিকার হায়দার, পিইঞ্জ ১১ ও ১২ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে Fleming Gulf কর্তৃক আয়োজিত “Asia Pacific Smart Grid” কনফারেন্সে স্পীকার হিসেবে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ায় গমন করেন। তিনি ইতিপূর্বে ভারতে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক স্মার্ট গ্রীড কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন। -প্রেস বিজ্ঞপ্তি শিবালয় অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিনকে অর্থ আত্মসাত্, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের দায়ে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে কমিটির ১৩জন সদস্যের মধ্যে ১০জন সদস্য উপস্থিত ছিল। সভায় বলা হয়, অডিট রিপোর্টসহ বিদ্যালয়ের প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাত্, ক্ষমতার অপব্যবহারের ঘটনাসহ এ সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়। ধর্মপাশায় ৫৬৯জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা \ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত সোমবার সকালে পরিষদ সভাকক্ষে ওই ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৫শ ৬৯জন ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউ,পি) চেয়ারম্যান মো.ফেরদৌসুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.ওয়াহেদ আলী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার। ঝিনাইগাতীতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নির্বাচনোত্তর এক কর্মী সমাবেশ গত সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় আওয়ামী লীগের কোন্দলই ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থীর পরাজয়ের কারণ বলে উল্লেখ করে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা আমিরুজ্জামান লেবু, সৈয়দুর রহমান ফজু, আশরাফ আলী মেম্বার, একেএম সামিদুল ইসলাম মজিবুর রহমান, স্বাধীন মিয়া, ফারুক আহম্মেদ প্রমুখ। গাইবান্ধায় শিক্ষা মেলা শুরু গাইবান্ধা প্রতিনিধি \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা পৌর এলাকায় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গত সোমবার থেকে দু’দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক। মেলায় শিক্ষক এবং শিক্ষার্থীদের তৈরির বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পিটিআই-এর সুপার শামছি আকতার বেগম প্রমুখ। রহনপুর পৌরসভার মেয়র নির্বাচন ৫ এপ্রিল গোমস্তাপুর প্রতিনিধি \ আগামী ৫ এপ্রিল শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফীন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২১ মার্চ। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তত্কালীন মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে গত ৬ মার্চ নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ প্রদান করে। মানিকগঞ্জে শুরু হয়েছে শিক্ষা মেলা ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে শিক্ষা মেলা শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক মো. মাসুদ করিম গত সোমবার এ শিক্ষা মেলার উদ্বোধন করেন। জেলার ৭টি উপজেলার বিভিন্ন বিদ্যালয় মেলায় শিক্ষা উপকরণের স্টলে অংশগ্রহণ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আরা বেগম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোত্স্না খাতুন, শামসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম তকিবুল ইসলামসহ অন্য কর্মকর্তাগণ মেলার স্টল পরিদর্শন করেছেন। দিনাজপুরে ইমামদের মাঝে সনদ বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল সোমবার ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুর আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, একাডেমীর সহকারী পরিচালক মোঃ শামীম সিদ্দিক, মোঃ আনোয়ার হোসাইন, ধর্মীয় প্রশিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। কুমিল্লায় পুলিশের ধাওয়ায় জামায়াত কর্মীর মৃত্যু কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় পুলিশের ধাওয়া খেয়ে গোপন বৈঠক থেকে পালানোর সময় আইয়ুব আলী নামে এক জামায়াত কর্মী হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শুভপুর ইউনিয়নের ধনিজকরা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার রাতে জামায়াতের গোপন বৈঠক চলছে এমন খবরে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় জামায়াত কর্মী আইয়ুব আলী হূদরোগে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে মুন্সীরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।