তাড়াশের বিন্নাবাড়ি ভোট
কেন্দ্রে ১ জনের কারাদণ্ড
চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ তাড়াশ উপজেলার দুর্গম চলনবিলের বিন্নবাড়ি স্থগিত কেন্দ্রের গতকাল পুন: ভোট গ্রহণকালে জাল ভোট দিতে ধরা পরে পেঙ্গুয়ারী গ্রামের মৃত আবুল কাশেম ফকিরের পুত্র শিহাব উদ্দিন। ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শিহাব উদ্দিনের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের বিন্নবাড়ি কেন্দ্রে জাল ভোট দিতে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড দেয়া হয়। উল্লেখ্য, দুপুর ১২টায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে জালভোট এবং তাদের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয়।
কসবায় চেয়ারম্যান
প্রার্থীর গণসংযোগ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ সোমবার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুল হক ভুঁইয়া পাঁচ শতাধিক দলীয় নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে জনগণের সহযোগিতা ও দোয়া নেয়ার জন্য উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
মধুখালীতে আচরণবিধি
ভঙ্গের দায়ে জরিমানা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে দু’প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলী। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমানের আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী সভায় আসার পথে ৫এর অধিক নসিমন নামক যানবাহনে মিছিল, শোভাযাত্রা ও গাড়িতে আঠা দিয়ে পোস্টার লাগানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে। অপর প্রার্থী মফিজুর রহমান মঞ্জু‘র দোয়াত-কলম প্রতীকের পক্ষে প্রচার চালানোর সময় মাইক্রোবাসে সাটানো পোস্টার লাগানোর দায়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করে।
জামালপুর ২ উপজেলার স্থগিত
৩ কেন্দ্রে নির্বাচন সম্পন্ন
জামালপুর প্রতিনিধি \ জামালপুর মেলান্দহ ও বকসিগঞ্জ উপজেলার ৩টি স্থগিত কেন্দ্রে নির্বাচন ১০ মার্চ সম্পন্ন হয়েছে। মেলান্দহ উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলেও দু’টি কেন্দ্রে ভোট গ্রহণ জটিলতায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ঘোষ স্থগিত রাখা হয়। ওই স্থগিত দুই কেন্দ্রে ভোট গননার শেষে ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে বিএনপির সমর্থিত প্রার্থী এবং জামালপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সিদ্দিকী (টিউবওয়েল প্রতীক) ৩৫ হাজার ৪শ’ ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সংঘর্ষের ঘটনায় গজারিয়া
থানায় মামলা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতার সমর্থকদের নির্বাচনী প্রচারণা চালানোর সময় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার রাতে তোতার পক্ষের শফিউল্লাহ বাদি হয়ে গজারিয়া থানায় এ মামলা দায়ের করেন। তবে সোমবার পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘিওরে বিএনপির
একক প্রার্থী
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ১৫ মার্চ ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অবশেষে বিএনপি সমর্থিত প্রার্থী হয়েছেন খন্দকার লিয়াকত আলী। ৪ মার্চ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে গিল্ডস্থ স্বীয় বাংলোতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা বিএনপি দপ্তর সম্পাদক মো: আব্দুস সালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে এ সভায় সর্বসম্মতিক্রমে ও কেন্দ্রীয় পরামর্শ মোতাবেক খন্দকার লিয়াকত আলীকে দলীয় প্রার্থী গোষণা দেয়া হয়।
শিবগঞ্জে ভোট
গ্রহণের প্রশিক্ষণ
শিবগঞ্জ (চাঁপাই নবাবাগঞ্জ) সংবাদদাতা \ ১৫ মার্চ শিবগঞ্জ উপজেলায় ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের চলছে প্রশিক্ষণ। সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫৫ জন প্রিজাইডিং অফিসার ও সেলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ সরদার সরাফত আলী, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গির আলম রাকিব, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সোবহান শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজার উদ্দিনসহ কয়েকজন প্রশিক্ষণ দেন।
বুড়িচংয়ে আওয়ামী লীগের
দুই প্রার্থীর গণসংযোগ
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা বুড়িচংয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ হোসেন ও আখলাক হায়দার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নেতা-কর্মীদের নিয়ে তারা বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় প্রার্থীরা এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদানসহ ভোট প্রার্থনা করেন। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন (আনারস) উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা, মহিষমারা, পয়াত, শিবরামপুর, ভরাসারসহ ওই ইউনিয়নে গণসংযোগ করেন। অপরদিকে একই দলের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখলাক হায়দার (দোয়াত-কলম) উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল, আজ্ঞাপুর, খোদাইতলী, ফকিরবাজার, কালিকাপুর, ছয়গ্রামসহ ইউনিয়নের অন্যান্য গ্রামে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
মির্জাপুরে সাংবাদিকদের
সাথে প্রার্থীর মতবিনিময়
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ৩১ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী ও টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং মির্জাপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম মহসীন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার রাতে মির্জাপুর কলেজ রোডের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি এ মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় এস এম মহসীন সাংবাদিকদের বলেন, মির্জাপুরের উন্নয়নই আমার চাওয়া ও পাওয়া।
মদনে বিদ্রোহী প্রার্থীদের
নিয়ে বিপাকে বিএনপি
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ দলীয় মনোনয়ন ও সমর্থনকে কেন্দ্র করে ২৩ মার্চ মদন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মধ্যে দু’গ্রুপে বিভক্তি দেখা দিয়েছে। প্রতীক নিয়ে তৃণমূল ভোটারদের মাঝে শুরু করেছেন একে অপরের সমালোচনা। এতে করে তৃণমূলের দলীয় ভোটাররা চরম বিপাকে পড়েছেন। উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এন আলম জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একক প্রার্থী ঘোষণা করতে ২ মার্চ তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি এম এ হারেছকে একক প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। দলীয় প্রার্থী বাছাইয়ের পর থেকে বিএনপির নেতা কর্মীদের মাঝে বিভক্তি শুরু হয়েছে। এদিকে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বিদ্রোহী প্রার্থী ঘোষণা দিলেও বর্তমানে অধিকাংশ নেতা কর্মীগণ তাকে সমর্থন দিচ্ছে না।
প্রচারণায় নেত্রকোনা
জেলা আওয়ামী লীগ
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম কামরুল হাসান শাহীনের পক্ষে প্রতিদিন মিছিল, জনসংযোগ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সমাবেশ হচ্ছে। মঙ্গলবার এবং সোমবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান এবং সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে শহরতলী ও ইউনিয়ন পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু।
মুক্তাগাছায় ভোটার ও প্রার্থীদের মতবিনিময়
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা\ সুশাসনের জন্য গণতন্ত্র (সুজন) এর উদ্যোগে গতকাল মঙ্গলবার নন্দীবাড়ি স্টেডিয়ামে ভোটারের প্রত্যাশা, প্রার্থীর করণীয় শীর্ষক উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন (আনারস ), ইসাহাক আলী সরকার (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী পলাশ (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার দিলু (কলস), আজিজা রহমান (হাঁস), রশিদা বেগম (সেলাই মেশিন)।
দুমকিতে ত্রিমুখী লড়াই
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলা পরিষদ নির্বাচন ত্রিমুখী লড়াইয়ে নির্বাচনী প্রচারণা চলছে । ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনের দিন যত কাছে আসছে ততই নির্বাচনী মাঠ গরম করছে প্রার্থীরা । উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান জাতীয় পার্টি মনোনিত সুলতান আহম্মেদ ঘোড়া আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান সিকদার দোয়াত কলম ১৯ দলের প্রার্থী ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার (টেলিফোন) মার্কা পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তিন জনকে নিয়ে সাধারন মানুষ ভোট দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। প্রার্থীরা মাঠ চষে বেড়ানোর কারণে বিপাকে পড়ছে ভোটাররা।
বানারীপাড়ায় চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুকের দোয়াত-কলম প্রতীকের সমর্থনে পৃথক ৪টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বিশারকান্দি, ইলুহার ও উদয়কাঠি ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত আদর্শ এবং আধুনিক বানারীপাড়া বিনির্মাণে দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
নালিতাবাড়ীতে নারী
ভোটাররা ফ্যাক্টর
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা\ ২৩ মার্চ শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলা পরিষদ। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, বিএনপি উপজেলার সাধারণ সম্পাদক আশরাফ আলী, সদস্য মুখলেছুর রহমান রিপনসহ ৪ জন প্রার্থী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুইজন, বিএনপি’র দুইজন ও জাসদের একজন আর আওয়ামী লীগ-বিএনপি থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে মোট দুইজনসহ মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১২৮ জন। এখানে পুরুষের চেয়ে নারী ভোটার ২ হাজার ৮৫৬ জন বেশি।
নাগরপুরে বিএনপির
প্রার্থীর গণসংযোগ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে আগামী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী, কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, নাগরপুর গণমানুষের নেতা আলহাজ্ব অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহিদ (চিংড়ি-মাছ) প্রতীক নিয়ে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা ১২টি ইউনিয়নের গ্রামে-গঞ্জে ব্যাপক গণসংযোগ পথসভা করে ভোটাদের সাথে দেখা করে ভোট প্রার্থনা করছেন। অপরদিকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছামাদ দুলাল তার সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার ভোটাদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। অধ্যক্ষ এনামুল করিম শহিদ বলেন, কেন্দ্রীয় ও জেলা বিএনপি আমাকে দলীয় সমর্থন দেয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল বিভিন্ন ভাবে অপপ্রচার করে ভোটাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।
কাঠালিয়ায় জেপি
নেতার গণসংযোগ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) সমর্থিত কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেপির কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং জেপির ঝালকাঠি জেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল উপজেলা চেচরীরামপুর ইউনিয়নের খেজুরতলা বাজার, আমুয়া ইউনিয়নের আমুয়া পূর্বপাড়, কাঠালিয়া ইউনিয়নের বান্দাঘাটা বাজার ও শৌলজালিয়ার খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথসভা ও গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জেপি’র আহবায়ক মোঃ এনায়েত হোসেন খসরু, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা, জেপি নেতা শাহনিয়াজ আকন, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক মোঃ জাকির হোসেন মজনু, ইউনিয়ন জেপি আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল মালেক খান, জেপি নেতা আঃ বারেক হাওলাদার, মোঃ ফোরকান মিয়া, মোঃ তোফাজ্জেল বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম, আ’লীগের নেতা মোঃ নিজাম সিকদার, যুব সংহতির উপজেলা যুগ্ম আহবায়ক এইচ এম এলেন, জেপি নেতা এইচএম আল মামুনসহ জেপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী।
ধামইরহাটে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। পছন্দের বা দলের প্রার্থীকে জয়ী করতে কর্মী সমর্থকরা বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। কর্মজীবী মানুষ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দিয়ে প্রার্থীদের কাজকর্ম মূল্যায়নে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন কমিশন চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ার পর থেকেই নড়ে চড়ে বসেছেন ধামইরহাট উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
মোহনগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এমপি’র ভোট প্রার্থনা
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতনের পক্ষে ভোট প্রার্থনা করছেন নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন। সোমবার রাতে মোহনগঞ্জ পৌর শহরের খলিফাপট্টিতে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে লতিফুর রহমান রতনের মোটর সাইকেল প্রতীকে ভোট দেয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক গোলাম রসুল তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রনি।
