কাউখালীতে নির্বাচনের পূর্বে সেনা মোতায়েনের দাবি

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২৫
১৫ মার্চ কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অর্জুন মনি চাকমা। একই সাথে ভোটের দিন প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের সমর্থক ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস,এম চৌধুরীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল করার আশংকা প্রকাশ করে অভিযোগ করেছেন। সোমবার রাঙ্গামাটি জেলা রিটার্নিং অফিসার বরাবরে এ অভিযোগ করা হয়। কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অর্জুন মনি চাকমার প্রধান নির্বাচনী এজেন্ট অটুট দেওয়ান স্বাক্ষরিত দায়ের করা অভিযোগে এ তথ্য জানা গেছে। রাঙ্গামাটি জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, আনারস প্রতীকের প্রার্থী অর্জুন মনি চাকমা জাতীয় বা আঞ্চলিক কোন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী নয়। প্রতীক বরাদ্দের পর তার কর্মী-সমর্থকরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। কিন্তু তার পক্ষে কাজ করতে গিয়ে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী এস,এম চৌধুরীর (চৌচামং) উচ্ছৃঙ্খল কর্মী-সমর্থকদের হামলা, শারীরিক নির্যাতন ও বিভিন্ন ধরনের হুমকির স্বীকার হচ্ছে। এতে আনারস প্রতীক প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে নিরাপত্তা হুমকিসহ বিভিন্ন হুমকির মধ্যে দিনাতিপাত করছে। এছাড়া ঘোড়া প্রতীকের কর্মী-সমর্থকরা ১৫ মার্চ কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র জোরপূর্বক দখল করে তাদের প্রার্থীর পক্ষে বিজয় ছিনিয়ে নেয়ার পায়তাঁরায় লিপ্ত রয়েছে বলে আশংকা করা হয়েছে অভিযোগপত্রে।