কালিয়াকৈরে দুই দলেই একাধিক চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ২, বিএনপির ৩ ও জাতীয় পার্টির ১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আওয়ামী লীগের তৃণমূলের ভোটে মনোনীত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রাসেল (মোটরসাইকেল), উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন শিকদার বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম দলের একক প্রার্থী হিসাবে (ঘোড়া) প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে বিএনপি’র তৃণমূলের ভোটে মনোনীত উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদ (কাপ পিরিচ), উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন নিজেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে (দোয়াত-কলম) ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ নিজেকে বিএনপি’র প্রার্থী দাবি করে (টেলিফোন) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ সেলিম আজাদ (তালা), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুষার বিদ্রোহী (টিউবয়েল), মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন (চশমা), কালিয়াকৈর পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ হারিজ উজ্জামান হারিজ (উড়োজাহাজ), রতন কুমার সাহা বই ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (মাইক) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।