ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান সিরিজে পাওয়া চোটের কারণে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট। রুটের পরিবর্তে ইয়ান বেলকে দলে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ইয়র্কশায়ারের উঠতি তারকা রুটের হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। ফলে আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয়। ক্যারিবীয় সফরে রুটের পরিবর্তে দলে জায়গা পাওয়া বেলকে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্তির অনুমতি দিয়েছে আইসিসি। আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে অনুুষ্ঠেয় ২০১৪ টি-২০ বিশ্ব কাপের টেকনিক্যাল কমিটি জো রুটের পরিবর্তে ইংল্যান্ড দলে ইয়ান বেলকে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসি।’ —বাসস।
