স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা বৃষ্টিতে ভেস্তে গেছে। এই প্রস্তুতি ম্যাচে যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে সফরকারী ভারত। অ্যাডিলেডে আগামী ছয় ডিসেম্বর শুরু হচ্ছে টেস্টের দ্বৈরথ। তার আগে বিরাট কোহলির দলের অন্যতম অস্ত্র ইশান্ত শর্মা সতর্ক করে দিলেন সতীর্থদের।
তিনি বলেন, ‘কে ফেভারিট, আর কে ফেভারিট নয়, এ সব আমরা ভাবি না। সব কিছুই নির্ভর করে ওই বিশেষ দিনটায় কে কী রকম খেলছে, তার ওপর। মনে রাখতে হবে, যারা দেশের প্রতিনিধিত্ব করছে, তারা সবাই ভালো। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ফল পাচ্ছি, কিছুই বলা যায় না। কাউকে হাল্কাভাবে নিচ্ছি না।’
যদিও, ইশান্ত শর্মার দাবি, সিরিজ জয়ের জন্য চেষ্টার কমতি রাখবে না ভারত। তিনি বলেন, ‘ আমরা একটা লক্ষ্য নিয়েই মাঠে নামব। আর সেটা টেস্ট সিরিজ জিতে দেশে ফেরা। সবাই সে দিকেই তাকিয়ে আছে। আমরা ব্যক্তিগত পারফরম্যান্সের উপরেও নজর দিচ্ছি না। লক্ষ্য শুধু একটাই। অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে হবে।’
পরিসংখ্যানেও এগিয়ে আছে ভারতই। এই বছর পাঁচটি টেস্ট জয়ের সাথে বিরাট কোহলির দল হেরেছে ছয়টিতে। অন্যদিকে, অস্ট্রেলিয়া জিতেছে মাত্র দু’টিতে। আর বল টেম্পারিং কেলেঙ্কারির পর দলের বিপর্যস্ত অবস্থা তো আছেই। তবে, সিরিজটা হবে ভারতের জন্য অপরিচিত কন্ডিশনে। ফলে, অস্ট্রেলিয়া দল যতই বাজে ফর্মে থাকুক না কেন একটা চাপ থাকবে ভারতেরও ওপরও। যদিও, ইশান্ত শর্মারা এসব নিয়ে ঘাবড়াচ্ছেন না। বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে চাপ তো থাকবেই। কিন্তু আমরা এটাকে দারুণ সুযোগ হিসেবেই দেখছি। দেশের বাইরে চাপ আছে, দেশের মধ্যে খেলা হলেও চাপ থাকতো। আর আমাদের পেসারদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। কেউ খারাপ খেললে তাকে বাইরে বসে বাকিদের খেলা দেখতে হবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই পুরোটাই ভেস্তে গেছে। ফলে সিডনির মাঠে এসেও ব্যাট-বলের লড়াই না করে আবার হোটেলে ফিরে যেতে হয়েছে বিরাট কোহলির দলকে। অ্যাডিলেডে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডেও খেলবে ভারত।
