প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে নিযুক্ত ডাক্তারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। তিনি স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা খাতে উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ব্যবসার কথা চিন্তা করে নয়, মানুষকে সেবা প্রদানের মনোভাব নিয়ে কাজ করতে হবে’।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে তার কার্যালয়ে জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতির ভাষণ দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান।
মেডিক্যাল শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তার সরকার আয়ুর্বেদীয়, ইউনানী ও হোমিওপ্যাথিক শিক্ষাকে যুগোপযোগী করার পদক্ষেপ গ্রহণ করেছে। ডাক্তারদের পাশাপাশি শিক্ষিত নার্স ও স্বাস্থ্য প্রযুক্তি কর্মীর সংখ্যাও বৃদ্ধি করা হবে।
স্বাস্থ্য খাতে তার পূর্ববর্তী সরকারের পাঁচ বছরের সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় অধ্যাপক ডাঃ এমআর খান, জাতীয় অধ্যাপক ডাঃ শায়লা খাতুন, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রমুখ বক্তৃতা করেন। বৈঠকে কয়েকজন মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
