প্রিন্টিং পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কনিকা মিনোল্টার পণ্যসামগ্রীর দেশিয় পরিবেশক হিসেবে ঘোষিত হলো কম্পিউটার সোসের নাম। গত ১১ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন কনিকা মিনোল্টার এশিয়া অঞ্চলের সেলস ম্যানেজার ফ্রান্সিস চুয়া, কম্পিউটার সোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ। অনুষ্ঠানে কম্পিউটার সোর্স ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘১৯৯৩ সালে যাত্রা শুরুর পর থেকে কম্পিউটার সোর্স বিশ্বের ৪৭টি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রিন্টিং পণ্য প্রস্তুতকারী জাপানী প্রতিষ্ঠান কনিকা মিনোল্টা ইতোমধ্যেই বিশ্বের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশের বাজারেও এই শীর্ষ ব্র্যান্ডের পণ্য পৌঁছে দিতেই একত্রিত হয়েছে কম্পিউটার সোর্স ও কনিকা মিনোল্টা।’ এ সময় সাকিব আল হাসান বলেন, ‘এই দুইটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে আমাদের একসাথে যাত্রা শুরু হলো। দেশের শীর্ষ ব্র্যান্ডের কাছ থেকে এখন গ্রাহকরা বিশ্বের অন্যতম প্রিন্টিং পণ্যের ব্র্যান্ডের পণ্য কিনতে ও সেবা নিতে পারবেন। আশা করছি, এর মাধ্যমে খুব ভালো আরেকটি ইনিংস শুরু হতে যাচ্ছে।’ গণমাধ্যমকর্মী, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে কনিকা মিনোল্টার যাত্রা, বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানান কোম্পানির বাংলাদেশ সেলস ম্যানেজার ফ্রান্সিস চুয়া। অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পক্ষে বাংলাদেশে প্রিন্টিং বাজার এবং সেবামান নিয়ে আলোকপাত করেন হেড অব এসবিইউ (ইমেজ অ্যান্ড প্রিন্টিং) এএইচএম মনোয়ার সাগর। অনুষ্ঠানে উপস্থিত ১০ জনকে টি-২০ বিশ্বকাপের টিকিট তুলে দেন সাকিব আল হাসান। অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার, পরিচালক এইউ খান জুয়েল, হেড অব মার্কেটিং জাহাঙ্গীর আলম, কম্পিউটার সমিতির পরিচালক শফিকুর রহমান, বিসিএস কম্পিউটার সিটি কমিটির সভাপতি মুজিবুর রহমান স্বপন, সাবেক সভাপতি আহমেদ হাসান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সামসুদ্দিন লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
