২৯ তলা ভবনজুড়ে টেট্রিস গেম!

আপডেট : ১২ মার্চ ২০১৪, ১৯:৩২
ভিডিও গেম হিসেবে টেট্রিসের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। হাতের মুঠোর ছোট্ট ভিডিও গেম ডিভাইস থেকে শুরু করে পিসি বা কনসোলের গেম হিসেবেও টেট্রিসের সাথে সময় কাটিয়েছেন প্রায় সব গেমারই। তবে এবারে এই টেট্রিস গেম নিয়ে নতুন এক রেকর্ড প্রত্যক্ষ করতে যাচ্ছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়ায় অবস্থিত ২৯ তলা সিয়ারা সেন্টারের দুই পাশের কাঁচের দেয়ালে খেলা হবে এই ক্লাসিক গেমটি। ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের একদল কম্পিউটার বিজ্ঞানী এই অভূতপূর্ব কাজটি করতে যাচ্ছেন। আয়তনের দিক থেকে এটিই বিশ্বের বৃহত্তম গেম হিসেবে স্বীকৃতি পাবে। আগামী ৪ এপ্রিল এই দৈত্যাকার গেমটি খেলবেন ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি। ইতোমধ্যেই এই দলটি ওই বিল্ডিংয়েরই একপাশের দেয়ালে গেমটি পরীক্ষামূলকভাবে খেলেছেন। বিল্ডিংয়ের এলইডি লাইটগুলো ব্যবহার করেই দেয়ালে ফুটে উঠবে টেট্রিস গেমের সব ব্লক। গেমটি খেলার জন্য আগ্রহীদের একটি অনলাইন লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। তবে এত বড় সংস্করণের গেমটি বাণিজ্যিকভাবে ব্যবহার করবে না গবেষক দলটি।