তৃতীয় দফায় আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। গ্রাম পাড়া মহল্লায় সর্বত্রই বিরাজ করছে ভোট উত্সব আমেজ। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত মধুখালী উপজেলা আ’লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু (দোয়াত-কলম) প্রতীকে নির্বাচন করছেন। তিনি ১৯৮৫ ও ২০০৯ সালের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন।
অপরদিকে বিএনপির সমর্থিত প্রার্থী জেলা বিএনপির উপদেষ্টা মো. আজিজুর রহমান মোল্লা (আনারস) প্রতীকে প্রথমবার উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা আলিমুজ্জামান (কাপ-পিরিচ) প্রতীকে দলীয় সমর্থনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি (এ) সমর্থিত উপজেলা সভাপতি আলি আহম্মেদ (মোটর সাইকেল ) প্রতীকে ভোট প্রার্থনা করছেন। তবে মূলত আ’লীগ ও বিএনপির মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তুমুল লড়াইয়ে তিন প্রার্থীর মধ্যে আ‘লীগ সমর্থিত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল (তালা), বিএনপির গোলাম মুনসুর নান্নু (চশমা), সিপিবির উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল (উড়োজাহাজ) প্রতীক। এ তিন প্রার্থীর মধ্যেই মূলত ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে তুমুল। অপর স্বতন্ত্র প্রার্থী হলেন এক সময়কার ছাত্রলীগ নেতা রেজাউল করিম রাজিব (টিয়াপাখি) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম (কলস) ও জামায়াতের উপজেলা সদস্য আসমা চৌধুরী (ফুটবল) প্রতীকে নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা করছে। তাদের মধ্যে সুরাইয়া সালামের জয়লাভের সম্ভাবনাই বেশি।
