সেনবাগে বিএনপির ২ প্রতিদ্বন্দ্বী সুযোগ আওয়ামী লীগের পক্ষে

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২১:৫১
আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কারণে এবার সুযোগ নিতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী। কাগজে-কলমে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী হলেও মূলত আওয়ামী লীগের লায়ন এসএম জাহাঙ্গীর আলম মানিক (মোটর সাইকেল) ও বিএনপির আবুল কালাম আজাদ (কাপ পিরিচ) এবং আলহাজ্ব কাজী মফিজুর রহমানকে (হেলিকপ্টার) ঘিরে ভোটারদের যতসব আলাপ-আলোচনা। জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় তিন প্রার্থী নিয়ে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে বিএনপি। উপজেলা বিএনপির প্রার্থী হলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ)। আবুল কালাম আজাদের পক্ষে এলাকায় সার্বক্ষণিক অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক ইতিমধ্যে আরেক প্রার্থী তার চাচাতো ভাই আবদুল্লা আল মামুনকে (দোয়াত কলম) আবুল কালাম আজাদের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড় করাতে সক্ষম হয়েছেন। এতে আবুল কালাম আজাদের মনোবল কিছুটা বাড়লেও আরেক প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের (হেলিকপ্টার) কারণে চিন্তামুক্ত হতে পারেননি। কাজী মফিজুর রহমান নিজেকে কেন্দ্রীয় বিএনপির দলীয় প্রার্থী হিসেবে এলাকায় প্রচার করে যাচ্ছেন। অন্যদিকে, আওয়ামী লীগের তৃণমূলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন-জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শিল্পপতি লায়ন এসএম জাহাঙ্গীর আলম মানিক (মোটর-সাইকেল) বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন।