আত্মবিশ্বাসটাই প্রাপ্তি :তামিম

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:২৮
খুররম খানের মুখের স্মিত হাসিটা দেখে মনে হচ্ছিল, এইমাত্র শেষ হওয়া ম্যাচটি তার দল জিতেই এসেছে বুঝি! না, জয় তারা পাননি। তবে বাংলাদেশের মতো অভিজ্ঞ, টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হারার আগে যে লড়াইটা করেছেন, তাতে তৃপ্ত না হওয়ার কোনো কারণ আরব আমিরাত অধিনায়কের নেই। তিনি সেটা লুকানোরও চেষ্টা করলেন না। পরিষ্কার বলে দিলেন, ‘এটা অনেক বড় একটা অর্জন আমাদের জন্য। বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল, অনেক ভালো ক্রিকেট খেলে। তাদের বিপক্ষে ম্যাচে আমরা যে লড়াইটা করেছি, তাদের জয় পেতে যে কষ্ট করতে হয়েছে; সেটা আমি মনে করি, আরব আমিরাত দলের জন্য অনেক বড় একটা পাওয়া।’ এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে বাংলাদেশ ও আরব আমিরাতের জন্য এই ম্যাচের লড়াইটাই আসলে ব্যাপার হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। আমিরাতের দৃষ্টিতে এই লড়াই যেমন অনেক বড় প্রাপ্তি, বাংলাদেশের কাছে নিঃসন্দেহে এটি অনেক প্রশ্নের নাম। ম্যাচ জিতে আত্মবিশ্বাস যে কিছুটা বেড়েছে, সেটা মেনে নিয়েও ম্যাচশেষে তামিম ইকবাল বলছেন, যেমন দাপুটে জয় হতে পারতো, তা আসলেই আসেনি। এই ম্যাচে অনেক ভুলভ্রান্তি তাদের আছে এবং সেগুলো শুধরেই সামনে এগোনোর প্রতীজ্ঞা শোনালেন তামিম। আরব আমিরাতের বিপক্ষে একটা দাপুটে জয়ের লক্ষ্য নিয়েই তারা নেমেছিলেন বলে বলছেন তামিম, ‘আমরা দল হিসেবে এখন কাউকে হালকাভাবে নেয়ার মতো অবস্থায় নেই। কতোদিন হল আমরা ম্যাচ জিতি না? এ অবস্থায় পৃথিবীর কোনো দলকেই আমরা হালকাভাবে নিতে পারি না। তাই আমরা চেয়েছিলাম, সেরাটা খেলে ম্যাচ জিততে। সেরাটা খেলতে পেরেছি, তা বলবো না।’ তিনি পরিষ্কার করেই বলছেন, ব্যাটিং ও বোলিংয়ে অনেক উন্নতির অবকাশ আছে। আর সেটা আগামীকালকের অনুশীলন ম্যাচের আগেই করে ফেলতে চান তামিমরা। তবে এই ম্যাচের থেকে কিছু জ্বালানি যে পাওয়া গেছে, সেটা মানছেন তামিম, ‘আমাদের এই মুহূর্তে খুব জরুরী ছিল একটা জয়। এই জয়টা অবশ্যই ড্রেসিংরুমে এক ধরনের স্বস্তি এনে দেবে, আমাদের আত্মবিশ্বাসটা একটু হলেও বাড়াবে। আমি মনে করি, এর ফলে আগামী ম্যাচে আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে, ভুলত্রুটি আরও কমে আসবে। আর এসবের ফল নিয়েই ১৬ তারিখের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আমাদের। ওটাই এখন আমাদের মূল লক্ষ্য।’