কি জবাব দেব আল্লাহর কাছে

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৯:১৬
ইসলাম পরম দয়াময় আল্লাহর মনোনিত একমাত্র ধর্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি। তাই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। শাব্দিক অর্থে ইসলাম কোন ধর্ম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যা অন্য ধর্মে নেই। ইসলাম ধর্মের তথা ইসলামী জীবন ব্যবস্থার সংবিধান আল্লাহ তায়ালা প্রেরিত মহাগ্রন্থ আল কুরআন। এতে আছে জীব জগতের সব নীতি বিধান। আছে সর্বকালের সব সমস্যার সমাধান। আইয়ামে জাহেলিয়াতের যুগে আরবের অসভ্য বর্বর জাতি আল কুরআনের আলোকে আলোকিত হয়ে তাদের ঈমানী শক্তি, রুহানী শক্তি, দ্বীনি মূল্যবোধ বৃদ্ধি, নাগরিক চেতনা ও রাজনৈতিক এমন সচেতনতা সৃষ্টি করেছিল—যে চেতনা কোন প্রকার অন্যায় অত্যাচার সহ্য করতো না। ধর্ম ও নৈতিকতায় কোন বিচ্যুতি মেনে নিতো না, ভুল-শুদ্ধ, নিষ্ঠা-শঠতা, শত্রু-মিত্র ও কল্যান-অকল্যানের মধ্যে পার্থক্য করতে পারতো। অপরাধি ক্ষোভ ভর্ত্সনা ও শস্তি থেকে রেহাই পেতো না। তারা সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিল। সাহসিকতায়, শৌর্যে, বীর্যে বীরত্ত্বে অপরাজিত শক্তি, জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়-সংস্কৃতিতে, সর্বশ্রেষ্ঠ গৌরবমণ্ডিত সভ্যতার অধিকারী হয়ে স্বল্পতম সময়ের ভেতর এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক অংশসহ পৃথিবীর বিরাট অঞ্চল জয় করে ছড়িয়ে দিয়েছিল আল-কুরআনের আলো দেশে দেশে বাংলাদেশেও। আজ আমাদের দেশের ১৬ কোটি মানুষের প্রায় ৯০% আল কুরআনের অনুসারী। এদের ভেতর আমরা লক্ষ লক্ষ নায়েবে রসূল (স.), আশেকে রসূল (স.) আওলাদে রসূল (স.) মুজাদ্দেদ, হাজী, গাজী ও বিশ্ব এস্তেমার অনুসারী থাকা সত্ত্বেও সর্বপ্রকার ন্যায়, নীতি, নৈতিকতা, সততা, মানবিকতা, মনুষ্যত্ত্ববোধ, শ্রদ্ধাবোধ বিবর্জিত অবাধ ভোগবাদী সমাজে আজ হিংসা-প্রতিহিংসা, মারামারী, হানাহানি, খুন, গুম, অপহরণ, সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অপ্রতিহত শোষণ, জনগণের সম্পদ লুটপাট, জ্বালাও, পোড়াও, ভেজাল, নকল, ঔষধ খাদ্য সামগ্রী বিষ মিশান খাদ্যদ্রব্য, চোরাকারবারী, মওজুদদারী, মুনাফাখোরী, কালোবাজারী, মাদক ব্যবহার আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগকেও ছাড়িয়ে গিয়েছে। অথচ আমরা যদি সুচিন্তিত, সুপরিকল্পিত এবং আন্তরিকভাবে, দক্ষতা, বিচক্ষনতার সাথে নিরলসভাবে নিঃস্বার্থভাবে নিজেদের শক্তি সামর্থ্য, শ্রম, মেধা ও সময় ব্যয় করতাম তাহলে এদেশে প্রতিষ্ঠিত হত আল-কুরআনের আলোকে আলোকিত ইসলামী জীবন ব্যবস্থা।