গত দু’দিনে দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ভাঙ্গায় বাস-নসিমন
সংঘর্ষে নিহত ১
ভাঙ্গা-কাওড়াকান্দি বিশ্ব রোডের তাড়াইল নামক বাসস্ট্যাণ্ডে গত বুধবার দুপুরে বাস-নসিমনের সংঘর্ষে নসিমনের চালক নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, বরিশাল থেকে কাওড়াকান্দি ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বিএমএফ পরিবহন (নসিমনকে ওভারটেক করতে গেলে সংঘর্ষে নসিমনটি পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে নসিমনের ড্রাইভার মজনু হাওলাদারের (৩৫) লাশ উদ্ধার করে। নিহত ড্রাইভারের গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কনিকান্দা গ্রামে।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায়
স্কুলছাত্রী নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাঈশা আক্তার (৮) নামের স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার বুড়িচং উপজেলা সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় একঘন্টা সড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত মাঈশা বুড়িচং সদর ইউনিয়নের বুড়িচং উত্তরপাড়া গ্রামের মাসুম মিয়ার মেয়ে এবং সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে মতিয়ার রহমান (৫০) নামে এক বাইসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছে। তার বাড়ি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি (ফকিরপাড়া) গ্রামে। সে সকালে বাইসাইকেলযোগে বাড়ি থেকে পোড়ারহাটের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং রেলঘুমটি পারাপারের সময় নীলফামারী-রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে।
হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের নছরতপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো- মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে সফিক মিয়া (৩৫) ও রহিতন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৮)। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি নছরতপুর রেল ক্রসিংয়ে হবিগঞ্জমুখী একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে এর আরোহী দুলাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সফিক মিয়াকে সদর আধুনিক হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িতে নিহত ১
দিনাজপুরের ফুলবাড়িতে গত বুধবার সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ইমারউদ্দিন (৩৬) নামের ১ জন প্রাইভেট কার আরোহী ঘটনাস্থলেই নিহত এবং ২ জন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে। নিহত ইমারউদ্দিন বিরামপুর উপজেলার চুরকুই গ্রামের ইয়াকুব আলীর ছেলে কাদেমুল ইসলাম (২২)।
মুরাদনগরে শিশু নিহত
কুমিল্লার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের রামধনীমুড়া নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুব আলম (৯) নামে এক শিশু নিহত হয়। সে রামধনীমুড়া গ্রামের কাঠমিস্ত্রী আলাউদ্দিনের ছেলে।
