নালিতাবাড়ীতে আশা’র স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ‘হাত ধুয়ার মাধ্যমে রোগ প্রতিরোধের উপায়’ শ্লোগানকে সামনে রেখে এলাকার গরিব-অসহায় ও আশার সদস্য পরিবারের মধ্যে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন সাড়া জাগিয়েছে। নালিতাবাড়ী-১ ব্রাঞ্চ ইতিমধ্যে সপ্তাহব্যাপী এই কর্মসূচি গতকাল বৃহস্পতিবার শেষ করেছে। এতে প্রায় ১৫শ’ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠকের মাধ্যমে বাস্তবায়ন করেন। উক্ত কার্যক্রমটির পরিচালনায় ছিলেন—আশার নালিতাবাড়ীর শাখার আর এম অলক আচার্য, বিএম মো. জাহাঙ্গীর আলম, এবি এম আকতার হোসেন, এলও মো. নফিজ উদ্দিন, এলও আ. সাত্তার প্রমুখ।
মুন্সীগঞ্জের ধলেশ্বরী থেকে ১২ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের কাছে ধলেশ্বরী নদীতে চলন্ত ২টি লঞ্চ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ১২ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড ও মত্স্য বিভাগ। মুন্সীগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার সদরঘাটগামী এমভি গাজী ও এমভি শরিয়তপুর-৩ লঞ্চ থেকে বিশেষভাবে বরফ দিয়ে প্যাকেট করা এই জাটকা আটক করা হয়। পরে এগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সৈয়দপুরে চক্ষু শিবির অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে গতকাল বৃহস্পতিবার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এক বিশাল চক্ষু শিবিরের আয়োজন করা হয়। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত’র পরিচালনায় এবং দিনাজপুরের বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে শুধুমাত্র চক্ষু রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয় প্রায় ৩ শতাধিক রোগীকে। পরবর্তীতে এসব রোগীদের বিনামূল্যে চোখ অপারেশন ও লেন্স সংযোজন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ঝিনাইগাতীতে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস (জাতীয় শিশু দিবস) এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পৃথক পৃথক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, থানার ওসি গোলাম মোর্শেদ প্রমুখ।
নবীনগরে ক্বিরাত ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সহযোগিতায় ক্বিরাত ও বাংলা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ প্রতিযোগিতা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান বিচারক ও বক্তা ছিলেন ঢাকার আরমানিটোলাস্থ তারা মসজিদের খতিব ক্বারী মো. ইউসুফ আব্দুল মজিদ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে অনুষ্ঠিত কুরআন শিক্ষার আসর অনুষ্ঠানের সঞ্চালক মাওলানা আতিকুর রহমান খান ও হবিগঞ্জের রহমানিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন হযরত মাওলানা সৈয়দ উবায়দুল্লাহ ।
কাজীপুরে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির দাবিতে মানববন্ধন
কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কাজীপুর উপজেলায় পাবলিক পলিসি ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ঝরেপড়া রোধ, ছাত্র-ছাত্রীদের আলাদা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ভাড়া করা শিক্ষক দিয়ে ক্লাস না নেয়াসহ কয়েক দফা দাবিতে উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এক আলোচনায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার বলেন, নদী শিকস্তী কাজীপুরের শিক্ষাব্যবস্থার উন্নয়নে পাবলিক পলিসি ফোরামের দাবিগুলো যৌক্তিক। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে আমরা কাজ করে যাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন এসেছে। সামনের দিনগুলোতে আরো ভাল করার চেষ্টা করা হবে।
কুমিল্লায় নগর খাদ্য উত্পাদন দিবস উদযাপন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় গত বুধবার নগর খাদ্য উত্পাদন দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে এক র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ‘নগর ভিত্তিক কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আহমেদ সোয়েব সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএডিসি-কুমিল্লার উপ-পরিচালক (উদ্যান) নিগার হায়দার খান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ প্রমুখ।
কুন্ডা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন
নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা \ গত বুধবার নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মর্তুজ আলী (৪৯৪), ফরিদ উদ্দিন (৪৮৪), আবদুল কাইয়ুম (৪৭২) গাজিউর রহমান (৪৭২) অভিভাবক প্রতিনিধি ও প্রমিলা রানী দাস (৫০৩) সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ,উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছায়েদুর রহমান।
বিনা টিকেটে রেলভ্রমণে পার্বতীপুরে ৪৪ যাত্রীর জরিমানা
পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের পার্বতীপুরে বিনা টিকেটে রেলভ্রমণের দায়ে ৪৪ যাত্রীর জরিমানা করা হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস, আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ও রূপসা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটে রেলভ্রমণের প্রবণতারোধে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ সাজু মিয়ার নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বিনা টিকেটে রেলভ্রমণ করার দায়ে ৪৪ জন বিনা টিকেটে যাত্রীর কাছ থেকে ভাড়াসহ মোট ৫ হাজার ১০ টাকা জরিমানা আদায় করা হয়।
মহালছড়িতে ৫দিন ব্যাপী বইমেলা শুরু
মহালছড়ি(খাগড়াছড়ি) সংবাদদাতা \ খাগড়াছড়ি’র মহালছড়িতে গত বুধবার ৫দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেলার আয়োজক কমিটির আহবায়ক ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাব্রেচাই মারমা, প্রবীণ শিক্ষাবিদ সুখময় চাকমা প্রমুখ। বইমেলায় পাহাড়ী ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম সহযোগিতায় রেেঁনসা বই ঘর ও রানজুনি সেন্টার অংশ গ্রহণ করেছে।
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বুধবার ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। ঐ সময় ভেজাল, বাসী-পচা, অপরিচ্ছন্ন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২ টি হোটেল, ২টি মিষ্টির দোকান ও ১ টি মুদি দোকানসহ ৫ প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ নাজমুস সোয়েব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রায়পুরা বিয়াম ল্যাবরেটরী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। এতে উপস্থিত ছিলেন, রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি আফজাল হোসাইন, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু প্রমুখ।
নেত্রকোনায় বিশ্ব কিডনি দিবস উপলক্ষে র্যালি
নেত্রকোনা প্রতিনিধি \ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ক্যাম্পস নেত্রকোনা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলা শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘কিডনি রোগে ধীরগতি, বাড়ে বয়স বাড়ে ক্ষতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে সার্কিট হাউসে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ বীজন কান্তি সরকার এবং ক্যাম্পেস-এর নেত্রকোনা সমন্বয়কারী আবু হোরায়রা মিলকী।
সুজানগরে অপ্রধান শস্য উত্পাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরে গত বুধবার অপ্রধান শস্য উত্পাদন ও সংরক্ষণের কলাকৌশলের ওপর ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ডের সভাকক্ষে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির। এতে অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাবনার উপ-পরিচালক মোঃ আব্দুল হাফিজ।
মাদারীপুরে এডাবের সেমিনার
মাদারীপুর প্রতিনিধি \ এডাব মাদারীপুর জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। “জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ সম্পর্কে অবহিতকরণ ও দ্রুত বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সেমিনারে সভাপতিত্ব করেন জেলা এডাব সভাপতি হোমায়ারা লতিফ পান্না। অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপংকর বর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান, এডাবের জেলা সম্পাদক ফরিদা ইয়াসমিন লাকী, প্রশিকার এলাকা সমন্বয়কারী শারমিন জাহান প্রমুখ।
অভয়নগরে বৃত্তিপ্রাপ্ত ১০২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গত বুধবার ২০১৩ সালের পিএসসি পরীক্ষায় ১০২ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক। বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, চৌধুরী আজিজুর রহমান, নাজমা ইয়াসমিন, মাসুদ রানা, ছবি রানী সরকার, শিক্ষক নেতা হারুন অর রশিদ, ইকবাল হোসেন ও ওবায়দুল ইসলাম। অনুষ্ঠান শেষে ৩২ জন ট্যালেন্টপুলে ও ৭০ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর হাতে গোলাপ ফুল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ঠাকুরগাঁওয়ে নম্র চৌধুরীর বিপক্ষে বিক্ষোভ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা জাপার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বিএনপিতে যোগদান করায় জুতা মিছিল করেছে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। গত বুধবার মিছিলে ছাত্র সমাজের ঠাকুরগাঁও জেলা সভাপতি রেজাউর রাজী স্বপন চৌধুরী, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দাস, অর্থ সম্পাদক সালেকুল হক টুলুসহ একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খুলনায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার
খুলনা অফিস \ গত বুধবার সকালে পুলিশ খুলনা-যশোর সড়কের পথেরবাজার নামক স্থান থেকে একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ মো: সোহরাব (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সোহরাব সকাল ৯টার দিকে ফুলতলা উপজেলা সদর থেকে ইজিবাইকে করে বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি খুলনা-যশোর সড়কের পথেরবাজারের চেকপোস্টের কাছে আসলে সোহরাবের আচরণে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ তার শরীর তল্লাশি চালিয়ে ইংল্যান্ডের তৈরি একটি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।
নাচোলে আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা
নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা\ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে উপস্থিত বক্তৃতা,কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নাচোল ডিগ্রি কলেজ হলরুমে অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-সিপিআরপি আয়োজনে ও নাচোল কলেজের সহযোগিতায় “অগ্রগতির মূল কথা, নারী-পুরুষের সমতা” প্রতিপাদ্য বিষয়ের আলোকে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রভাষক সফিকুল আলমের সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আল্লামা আকবর, প্রভাষক ইসলামুদ্দিন ও নাসরিন সুলতানা।
কালীগঞ্জে শিক্ষক সমাবেশ ও পুরস্কার বিতরণী
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে “শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিক্ষক সমাবেশ ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গত বুধবার উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস.এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী উপস্থিত ছিলেন।
