ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে পৌর সদরের হাজরাহাটি গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দু’ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে নারী-শিশু, থানার ওসিসহ ৫ পুলিশ ও অর্ধশত গ্রামবাসী আহত হয়। আহতদের ভাঙ্গা হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাহেব আলী খয়রাতিকে দেশীয় অস্ত্রসহ আটক করে। জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেনের লোকজন ও আওয়ামী লীগের অপর প্রার্থী ফরিদপুর-৪ আসনের এমপি মজিবর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত প্রার্থী শাহাদাত্ হোসেনের লোকজনের মধ্যে গত বুধবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে হাতাহাতি হয়। সেসময় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সমর্থক মিরাজ খয়রাতি ও ওমর খয়রাতি আহত হয়। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ সংঘর্ষ স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির, উপ-পরিদর্শক লেয়াকত হোসেন, হাবিব ও কনস্টেবল নজির আহত হয়।
