বড়লেখায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৩২
আগামী ১৫ মার্চ বড়লেখা উপজেলায় তৃতীয় দফা নির্বাচন ও মৌলভীবাজার জেলার দ্বিতীয় দফা নির্বাচন। এবারের নির্বাচনে উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে তুমুল লড়াই তথা ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন নির্বাচন যোদ্ধারা। ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে,এবার প্রার্থীদের বিগত দিনের রাজনৈতিক তত্পরতা, ব্যক্তিগত আচার-আচরণ ও আমলনামার ওপর চুল-চেরা বিশ্লেষণ করেই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করবেন। বড়লেখা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম সুন্দর(কাপ-পিরিচ),বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হাফিজ(আনারস), জামায়াত সমর্থিত প্রার্থী এমাদুল ইসলাম(দোয়াত কলম) এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল আহাদ(মোটর সাইকেল) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন,আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিবেকানন্দ দাস-(টিউবওয়েল), বিএনপি সমর্থিত প্রাথী সাইফুল ইসলাম-(তালা), বিএনপি বিদ্রোহী প্রার্থী সুমন আহমদ-(টিয়াপাখি), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাবরুল হোসেন রিয়াজ (চশমা)। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাজিয়া সুলতানা (কলস), বিএনপি সমর্থিত প্রার্থী রাহেনা বেগম হাসনা (ফুটবল)।