মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল ভবন ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬৪ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বুধবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের ইস্ট হারলেমের পার্ক অ্যাভিনিউর ১১৬ নম্বর সড়কে ৫তলা বিশিষ্ট ভবনটিতে ধ্বসের ঘটনা ঘটে। গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধ্বসে পড়ে বলে জানান নিউইয়র্ক মেয়র। একটি ভবনের ধ্বসে পড়ার পর আর একটি ভবনেও ধ্বস নামে। ভবন দুটির ভেতর আটকা পড়াদের বের করতে উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে। খবর বিবিসি ও এএফপি’র।
গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে আগুন লাগার পর বিস্ফোরণে এ ভবন ধ্বসের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর নিউইয়র্ক শহরের বড় একটি অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় । স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (গ্রিনিচ মান সময় ১৩৩০) বিস্ফোরণটি ঘটে। নিউইয়র্কের দমকল বিভাগ জানায়, দমকল কর্মীরা দুই মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে। আগুন সম্পূর্ণভাবে নিভে যাবার পর বুধবার সন্ধ্যায় উদ্ধার কর্মীরা ভবন দুটির ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়াদের খোঁজে তল্লাশি শুরু করে।২৫০ জনের বেশি অগ্নিনির্বাপণকর্মী উদ্ধারকাজে অংশ নেয়। নিউইয়র্কের ব্যস্ততম গ্রান্ড সেন্ট্রাল টার্মিনালে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে ঘটনাস্থলের পাশেই রেললাইন থাকায় ওই এলাকায় চলতে থাকা সব ট্রেন বন্ধ করে দেওয়া হয়।
দমকল বিভাগের মুখপাত্র মাইকেল প্যারেলা জানান, বুধবার রাতে ফ্লাডলাইট জ্বালিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়। তিনি জানান, কর্মকর্তারা মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় নয় জন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করছেন। তবে পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনায় মাত্র পাঁচ জন নিখোঁজ রয়েছে। ঘটনাস্থল থেকে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার সকালের এ বিস্ফোরণের ১৫ মিনিট আগে গ্যাসের পাইপলাইন ছিদ্র হবার খবর সংশ্লিষ্ট জ্বালানি প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল। তিনি বলেন, আমরা প্রচন্ড শব্দ শুনতে পাই এবং এতে সবগুলো জানালার কাচ ভেঙ্গে যায়। তিনি জানান, একটি প্রচণ্ড বিস্ফোরণে দুটি ভবন ধবংস ও আশপাশে ব্যাপক ক্ষতি হয়েছে। দিনের অধিকাংশ সময় আগুন জ্বলতে থাকার পর রাত নামলে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। এরপর উদ্ধারকর্মীরা ধবংসস্তূপের ভেতর আটকা পড়াদের তল্লাশি অভিযান শুরু করেন। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে যে দু’জন নারী রয়েছেন তারা মেক্সকোর নাগরিক। এছাড়াও আহতদের মধ্যে একজন মেক্সিকান রয়েছে।
