নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ সাফিয়া বেগমকে (২৭) যৌতুকের কারণে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে সাফিয়ার বাবা ডাঃ সিদ্দিকুর রহমান অভিযোগ করেছেন। তবে সাফিয়ার শ্বশুরবাড়ির লোকজন একে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে রটনা চালায়। জানা গেছে, ছয় বছর আগে মোহনগঞ্জের মাঘান গ্রামের মাহমুদুল হাসান হানিফের সঙ্গে একই শেওড়াতলি গ্রামের ডাঃ সিদ্দিকুর রহমানের মেয়ে সাফিয়ার বিয়ে হয়। হানিফ ময়মনসিংহ কারাগারে কারারক্ষীর চাকরি করেন। তাদের সাড়ে চার বছর একটি মেয়ে আছে। এছাড়া সর্বশেষ সাফিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সাফিয়ার বাবার অভিযোগ, যৌতুকলোভী হানিফ বিয়ের পর থেকে প্রায়ই তার মেয়েকে টাকার জন্য অত্যাচার নির্যাতন করতো। সর্বশেষ গত ৩ মার্চ সাফিয়াকে বাবার বাড়ি থেকে দু’লাখ টাকা এনে দিতে চাপ দেয়। সাফিয়া তাতে অস্বীকৃতি জানালে হানিফ তাকে মারপিট করে। পরে রাতের কোন এক সময়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন সকালে হানিফের ভাই মজিবুরসহ অন্যরা সাফিয়ার লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ তাত্ক্ষণিক মজিবুরকে গ্রেফতারসহ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও এর স্বপক্ষে সন্তোষজনক জবাব দিতে পারেনি। এতে পুলিশের কাছে ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
