গত দু’দিনে বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি এবং সংবাদদাতা।
ফেনীতে ৩ জন নিহত
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফেনীর অদুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেপুরের চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন একটি সিএনজি অটো রিক্সাকে ওবারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। বাকী ৫ জনকে গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে আরো ২ জন মারা যায়। পুলিশ ঘাতক বাসটিকে ধরার চেষ্টা করে ব্যার্থ হয়।
ভালুকায় বাসচাপায় অজ্ঞাত
পথচারী নিহত
ঢাকা-ময়মমনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি নাসির গ্ল¬াস ফ্যাক্টরীর সামনে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাস্তাা পারাপারের সময় ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত পুরুষ (৪০) ঘটনাস্থলেই মারা যান। নিহতের পড়নে ছিল সাদা চেক সার্ট ও কালো প্যান্ট।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস
চাপায় নিহত ১
গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্বরোড মোড়ের অদূরে বাস চাপায় সেলিনা আক্তার (৪০) নামক এক নারী নিহত হয়েছে। জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে বিশ্বরোড মোড়ের অদূরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় সরাইলের সৈয়দটোলা গ্রামের আলেক মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৪০) ঘটনাস্থলেই নিহত হয়।
সুজানগরে ভীমরুলের
কামড়ে যুবকের মৃত্যু
পাবনার সুজানগরের সৈয়দপুর গ্রামে ভীমরুলের কামড়ে সিরাজুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে সিরাজুল বাড়ির পার্শ্ববর্তী ঝাড়ে বাঁশ কাটার সময় বাঁশের গর্তে লুকিয়ে থাকা একাধিক ভীমরুল তাকে কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে আমজাদ হোসেনের ছেলে।
কুলিয়ারচরে ট্রেন-নছিমন
সংঘর্ষে ২ জন নিহত
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা আড়াইটার দিকে কুলিয়ারচর রেলেস্টেশন থেকে এক কিলোরমিটার দূরে কুলিয়ারচর-সরারচর সড়কে বড়খাঁরচর রেল ক্রসিংয়ের ওপর কাটা পড়ে ২ বাঁশ ব্যবসায়ী নিহত হন। এরা হলেন- বাজিতপুর উপজেলার মীরেরগাঁও গ্রামের মোর্শেদ মিয়া (২২) এবং সোনামুদ্দিন (৭০)।
বুড়িচংয়ে ২ মটোরসাইকেল
আরোহী নিহত
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যান চাপায় জালাল উদ্দিন (২৮) ও জাবেদ (১৮) নামে দুই মটোরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কোরপাই পোষ্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুড়িচং উপজেলার কাকিয়ারচর গ্রামের খোকন ড্রাইভারের ছেলে জালাল উদ্দিন (জালু) ও অপর আরোহী একই গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে জাবেদ হোসেন। কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
বাগমারায় ট্রলির নীচে
চাপা পড়ে শিশু নিহত
রাজশাহী বাগমারা উপজেলার বাসুপাড়া ইউপির দেওলা চৌরাস্তা মোড়ে গত বৃহস্পতিবার ইট বহনকারী ট্রলির নীচে চাড়া পড়ে শিমলা(৬)নামে এক শিশু কন্যার মৃৃত্যু হয়েছে। নিহত শিমলার বাড়ী দেওলা পশ্চিম পাড়ায় । সে ওই গ্রামের ভ্যান চালক আবু সাঈদের কন্যা।
গাইবান্ধায় মাইক্রোবাস
চাপায় বৃদ্ধ নিহত
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাস চাপায় জনাব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত জনাব আলীর বাড়ী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামে।
দামুড়হুদায় সড়ক
দুর্ঘটনায় শিশু নিহত
চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের লোকনাথপুরে আলমসাধু (শ্যালো ইঞ্চিন চালিত গাড়ি)’র ধাক্কায় মোহাজিদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মুজাহিদ দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের ছানোয়ার আলীর ছেলে। শুক্রবার সকাল বেলা ১১ টার দিকে লোকনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
লোহাগড়ায় আগুনে
পুড়ে মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে আগুনে পুড়ে আতয়ন নেসা (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আয়তন আমাদা গ্রামের হারেস শেখের স্ত্রী। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাত্ করে হারেস শেখের বাড়িতে আগুন লেগে যায়। ঘরের মধ্যে থাকা বৃদ্ধা আয়তন নেসা ঘটনাস্থলেই মারা যান। শিশু নাঈমা (৮) মারাত্নক ভাবে দগ্ধ হয়। পরিবারের সদস্যরা ও প্রতিবেশিরা ধারণা করছেন বৈদ্যুতিক সটসার্কিটের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
