২৩শে মার্চ বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের পূর্বেই আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যা, ভাইস চেয়ারম্যান পদে এ এফ এম মাহাবুব এহছান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনছুরা বেগম বকুলকে প্রার্থী নির্বাচন করা হয়। বিএনপি একাধিক বৈঠক করে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আবদুর রহীম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা বোরহানউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তারকে প্রার্থী নির্বাচন করে। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে এম এ মালেক ও আফতাব উদ্দিন নামে দু’জন নামেমাত্র প্রার্থী ছাড়া তিন পদে দুই দলের ছয় জন প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণা তীব্র হচ্ছে। জানা যায়, আওয়ামী লীগে একাধিক গ্রুপ বিদ্যমান। প্রার্থী বাছাইয়ের জন্য যদিও তৃণমূল নেতাদের ভোটের ফলাফল অন্যরা নিরবে মেনে নিয়েছেন, কিন্তু দলীয় প্রার্থীকে জয়ী করার মতো প্রচার-প্রচারণা বা তেমন তত্পরতা দেখা যাচ্ছে না। অপরদিকে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী ছিল। একক প্রার্থী ঠিক করতে অনেক কাঠখড় পুড়াতে হয়েছে। যদিও একক প্রার্থী ঠিক করেছে, তবুও চাপা ক্ষোভ বিরাজ করছে অনেক নেতাকর্মীদের মধ্যে। প্রচার-প্রচারণাও তেমন জোরালো হচ্ছে না।
