পোষা প্রাণী নিয়ে মার্কিনিদের উন্মাদনার বিষয়টি হয়তো নতুন নয়। এমনকি ফি বছর কুকুর, বিড়াল বা নানা ধরনের মাছ ও প্রাণীর পেছনে আমেরিকানরা যে বিপুল পরিমাণ অর্থ খরচ করেন সেটাও অনেকের জানা। তবে দেশটির পোষা প্রাণী সম্পর্কিত একটি প্রতিষ্ঠান সম্প্রতি এ ধরনের খরচের যে চিত্র তুলে ধরেছে সেটি সত্যিকার অর্থেই চমকে যাওয়ার মতো। আমেরিকান পেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন নামের এই সংস্থাটি জানিয়েছে, গেল বছর অর্থাত্ ২০১৩ সালে শুধুমাত্র পোষা কুকুর, বিড়াল, পাখি বা মাছের পেছনেই মার্কিনিরা খরচ করেছে প্রায় পাঁচ হাজার ছয়শ কোটি ডলার। আর বিশাল অঙ্কের এই অর্থ ব্যয়ের খাত হিসেবে পোষা প্রাণীর খাবার, চিকিত্সা এবং সাবান, শ্যাম্পুর মতো উপকরণ ব্যয় ছাড়াও রয়েছে পোষা প্রাণীর প্রশিক্ষণ ব্যয়। নিজের শখের পোষ মানানো প্রাণীটি যেন মনুষ্য সমাজে ঠাঁই করে নেওয়ার মতো যথেষ্ট শান্ত ও শিষ্ট হয় শুধুমাত্র সেজন্যই ব্যয় করা হয়েছে প্রায় ৬১০ কোটি ডলার। আর এ ধরনের ব্যয়ের সিংহভাগই হয়েছে কুকুর ও বিড়ালের মতো পোষা প্রাণীর শিষ্টাচার শিক্ষায়। একাধিক জরিপ ও পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে আমেরিকান পেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, অন্য প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা, এখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে নির্ধারিত স্থানে তা করা এবং মালিকের ডাকে ঠিকভাবে সাড়া দেওয়ার মতো বিষয়গুলোই ছিল প্রশিক্ষণের আওতায় থাকা প্রধান প্রধান বিষয়। এ ছাড়া উত্তরোত্তর ব্যয় বাড়ছে পোষা প্রাণীর খাবার ও অন্যান্য অনুষঙ্গ কেনার জন্যও। এ বাস্তবতায় আগামী বছর আমেরিকায় পোষা প্রাণীর পেছনে ব্যয় প্রায় ছয় হাজার কোটি ডলারে পৌঁছুতে পারে বলেও মত প্রকাশ করেছেন পেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন সংশি¬ষ্টরা। উল্লে¬খ্য, বর্তমানে দেশটিতে প্রায় ১৭ কোটি ৮৯ লক্ষ পোষা কুকুর ও বিড়াল রয়েছে। এ ছাড়া এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হলেও সবমিলিয়ে মানুষের পোষ্য তালিকায় থাকা নানা জাতের পাখি ও মাছ থেকে শুরু করে ঘোড়া ও সরীসৃপ জাতীয় প্রাণীর সংখ্যাও ২১ কোটির বেশি।
