চলনবিলের ১৬টি নদী রক্ষার দাবিতে শুক্রবার নন্দকুজা নদীর তলদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চলনবিলের পানিশূন্যতা দূরীকরণে বড়াল নদীর উত্সমুখ পদ্মা নদী সংলগ্ন চারঘাটের নির্মিত স্লুইসগেট অপসারণ, দখলদার মুক্ত ও নদী ড্রেজিং করে প্রবাহমান পরিবেশ সংরক্ষণের দাবিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ে এলাকার হাজার হাজার মানুষ এক কিলোমিটার দীর্ঘ ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন। চলনবিল রক্ষা আন্দোলন কমিটি গুরুদাসপুর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনকালে কমিটির সভাপতি অধ্যাপক আতহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক এমপি আবুল কাশেম সরকার, উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র আমজাদ হোসেন, চলনবিল রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, রাজশাহীর বেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, চলনবিল কালচারাল মিডিয়ার সভাপতি এমএম আলী আক্কাছ, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, কৃষকলীগ নেতা আব্দুল আজিজ সরকার প্রমুখ।
