পৃথক ঘটনায় ৭ জন নিহত

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:৩০
দেশের কয়েকস্থানে পৃথক ঘটনায় ৭ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। ময়মনসিংহে গণপিটুনিতে তিন ডাকাত নিহত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাজাবাড়ি গ্রামে রাস্তায় ডাকাতির সময় জনতার গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিলউদ্দিন জানান, শুক্রবার রাত থেকে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে কালিরবাজার-ত্রিশাল সড়কে অবস্থান নিয়ে একদল ডাকাত পথচারীদের সর্বস্ব লুট করে। ঘণ্টাব্যাপী ডাকাতি করার খবর পেয়ে গ্রামবাসী দলবদ্ধ হয়ে রাত ৯টা দিকে মিত্তিবাড়ি তহসিল অফিসের সামনে ডাকাতদলকে ঘেরাও করে ফেলে। জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তিন ডাকাত জনতার হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তিন ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। লোহাগাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের কাজী পুকুর পাড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিদেশ ফেরত মোহাম্মদ ওসমান (৩০) খুন হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। তিনি উক্ত এলাকার মোহছন আলী পাড়ার মৃত মো. কালা মিয়া ড্রাইভারের পুত্র। ওসমান ৬ বছর পর সৌদি আরব থেকে গত ১২ মার্চ দেশে এসেছেন। উক্ত এলাকায় চলাচলের জায়গা নিয়ে জনৈক মো. টিপুর সাথে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে টিপু এবং তার সন্তান মান্নান ও লোকমান অতর্কিতভাবে ওসমানের বাড়ির রাস্তা গতিরোধ করে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে ওসমান মারা যান। এ ঘটনায় লোকমানের মা মোহরম খাতুনকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। মাদারীপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার সদর উপজেলার তিথিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে পুলিশ গতকাল শনিবার স্কুলছাত্রী বদরুন নেছা আখির (১৪) লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার আলগি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আখি নিখোঁজ হয়। সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, এলাকার মাঈনুল নামের এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল ও পুলিশ তদন্ত চলছে। মাদারীপুর মডেল থানায় এ মর্মে একটি মামলা দায়ের হয়েছে। দোহারে যুবকের লাশ উদ্ধার ঢাকার দোহার উপজেলা মো. ওবায়দুল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কোলাহলকে কেন্দ্র করে শুক্রবার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে মো. ওবায়দুল আত্মহত্যা করে। উল্লেখ্য, মো. ওবায়দুল উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামের মো. করম আলীর ছেলে। ধুনটে গৃহবঁধুকে পিটিয়ে হত্যা বগুড়ার ধুনটের পল্লীতে এক গৃহবঁধুকে পিটিয়ে হত্যা করেছে তার শ্বশুরবাড়ীর লোকজন। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। জানাযায়, গত ২০০২ সালে গাজিপুরের কালিয়াকৌড় এলাকার ফুলবাড়িয়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে পারভিন আকতারের সাথে উপজেলার রামনারায়নপুর গ্রামের ওমর ফারুকের বিয়ে হয়। ওমর ফারুক ব্যবসার জন্য গাজিপুরে অবস্থান করে। স্ত্রী পারভিন দুই কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ীতে থাকতো। গত বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে স্বামীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে পারভিন আকতার শ্বশুরবাড়ী থেকে পিতার বাড়ীতে যাওয়ার চেষ্টা করে। এসময় ননদ শিল্পী খাতুন ও শ্বশুরবাড়ীর লোকজন তাকে রাস্তা থেকে টেনে হেঁচড়ে বাড়ীতে নিয়ে গিয়ে বেদম মারপিট করে। বিনা চিকিত্সায় বৃহস্পতিবার সকাল ১১টায় পারভিন আকতারের মৃত্যু ঘটে।