দুমকিতে চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:৩২
আগামী ২৩ মার্চ চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের চলছে জোর প্রচার-প্রচারণা। প্রার্থীদের ছবিসহ প্রতীক সম্বলিত পোস্টার ঝুলছে শহর, হাট-বাজার ও গ্রামগঞ্জের সর্বত্র। ব্যাপকহারে বিলি করা হচ্ছে লিফলেট। আর প্রার্থীরা ছুটছেন এলাকায় এলাকায়। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ শাহজাহান সিকদার (দোয়াত-কলম), ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবদুল ওহাব(টেলিফোন) ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোঃ সুলতান আহমেদ হাওলাদারের (ঘোড়া) মধ্যে। চেয়ারম্যান পদে অপর ৩জনের মধ্যে রয়েছেন বিএনপি’র বিদ্রোহী দুইজন সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন (কাপ-পিরিচ), মোঃ জাকির হোসেন মঞ্জু (আনারস) ও জাসদ সমর্থিত প্রার্থী কে.এম আনোয়ারুজ্জামান (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী হলেন- আওয়ামী লীগের শাহজাহান আকন (মাইক), বিএনপি’র মোঃ জাহিদুল হক (চশমা), জামায়াতের মোঃ কামরুল হোসেন (টিউবওয়েল), আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ হাফিজুর রহমান (বাবুল) (উড়োজাহাজ) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ুন কবির (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হলেন- আওয়ামী লীগের মোসাঃ নাসিমা বেগম (প্রজাপতি), আওয়ামী লীগের বিদ্রোহী নাজমুন নাহার শিরিন (ফুটবল), বিএনপি’র আমেনা বেগম (হাঁস) ও বিএনপি’র বিদ্রোহী মোসাঃ তাহেরা আলী রুমা (দোয়াত-কলম)।