দেশের কয়েকস্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
লালপুরে ট্রেন থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনের অদূরে আঁঁড়িমারা সাঁকোর নিকট নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আহত রিকশাচালক রুবেলের (৩০) মৃত্যু হয়েছে। সে বাগাতিপাড়া উপজেলার একডালার শলইপাড়া গ্রামের মৃত গণি মন্ডলের ছেলে। শুক্রবার ট্রেনে করে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় সকালে সে ট্রেন থেকে পড়ে গেলে তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোহারে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
ঢাকার দোহার উপজেলায় দুবলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ভেকু গাড়ি থেকে পড়ে গিয়ে মো: আলামিন(১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলা মুকশেদপুর ইউনিয়নের দুবলী গ্রামে হারুন বয়াতির ছেলে মো: আলামিন ওরফে উজ্জল মাটিভর্তি চলন্ত ভেকু গাড়িতে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে যায় এবং অন্য একটি চলন্ত হিউম্যান হলারের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
ছাগলনাইয়ায় ট্রেনের ধাক্কায় পিকাপ চালক নিহত
ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের লাঙ্গলমোড়া গ্রামের হাই রাস্তায় ট্রেনের ধাক্কায় মাটি বহনকারী পিকাপের চালক নিহত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম-ফেনী রেলপথে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের লাঙ্গলমোড়া গ্রামের হাই রাস্তা রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত পিকাপ চালক হলেন, ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের মোঃ এছাকের পুত্র এক সন্তানের জনক মনির আহাম্মদ (৩০) প্রকাশ কালু ড্রাইভার। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলপথ নির্মাণের জন্য পিকাপটি মাটি আনতে যাওয়ার পথে মুহুরীগঞ্জের লাঙ্গলমোড়া গ্রামের হাই রাস্তা রেল ক্রসিংয়ে রেল লাইনের সাথে ধাক্কা লেগে পিকাপের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
