রাষ্ট্রপতি আব্দুল হামিদ দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য স্কলারশীপের সংখ্যা বাড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি ধনী পরিবারের সন্তানদের পাশাপাশি দরিদ্র পরিবারের সন্তানরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে বিষয়টি বিবেচনা করার জন্য সংশ্লি¬ষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস’র (ইউআইটিএস) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি তার ব্যক্তিগত ভালোবাসা আছে বলেই তিনি এখানে এসেছেন।
রাষ্ট্রপতি গ্রাজুয়েটদেরকে দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ উল্লেখ করে তাদের উদ্দেশে বলেন, দেশকে উচ্চতর স্তরে নিয়ে যেতে তোমাদেরকে সহায়তা করতে হবে। তোমরা দেশ ও জাতির কাছে ঋণী। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে দেশের সেবা করতে পারলে তবেই দেশ ও জাতির প্রতি তোমাদের ঋণ কিছুটা হলেও পরিশোধ হবে।
দেশের বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর আব্দুল হামিদ বলেন, মানসম্মত শিক্ষা সময়ের দাবি। চাকরির বাজার অনুযায়ী শিক্ষা পাঠ্যসূচি সাজানো দরকার। তিনি বলেন, ‘সৃষ্টিশীল ও আলোকিত মানুষ তৈরি হয় এমন শিক্ষাই আমাদের দরকার, সার্টিফিকেট নির্ভর অথবা পাঠ্যপুস্তক পড়ুয়া ও গাইড বই মুখস্ত করা বিদ্যা নয়।
ড. মাহাথির মোহাম্মদ বলেন, তথ্য-প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের নেতৃত্ব আবারও মুসলিম উম্মাহকেই নিতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ত্যাগের মানসিকতা ও তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সগর্বে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, অতীতে মুসলমানরা নানাভাবে অবহেলিত ছিল। জ্ঞান-বিজ্ঞানে তেমন পারদর্শী না থাকায় এমনটি হয়েছিল। আমরা এখন এগিয়ে যেতে চাই। তিনি বলেন, আমাদের (মুসলিম উম্মাহ) রকেট দরকার, সাব মেরিন দরকার, আধুনিক বিমান ইত্যাদি দরকার। কিন্তু এসবে উন্নতির জন্য আগে জ্ঞান-বিজ্ঞানে উন্নতি করতে হবে। মুসলিম উম্মাহকে তার আত্মরক্ষার জন্য জ্ঞান ও বিজ্ঞানে উন্নতি করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত উন্নতি করা যাবে। তিনি আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, এটা না করা কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করার শামিল।
ড. মাহাথির মোহাম্মদ বলেন, আমরা মুসলমানরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের বিজ্ঞান শিক্ষা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের দেশপ্রেম এবং মুসলিম উম্মাহর জন্য অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান এবং ভিসি ড. মুহাম্মদ সামাদ বক্তৃতা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৬ হাজার শিক্ষার্থী গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষা সনদ গ্রহণ করেন। এছাড়া ৬ শিক্ষার্থী তাদের ভাল ফলাফলের জন্য স্বর্ণ পদক গ্রহণ করেন।
