প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের রংপুর আগমন উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে তিনি রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভা শেষে তিনি পীরগঞ্জের ফতেহপুরে পিতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। ১৭ মার্চ তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় শিশু দিবসে রংপুরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সজীব ওয়াজেদ জয়ের আগমনের খবরে রংপুর তথা পীরগঞ্জবাসীর মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে জনসভাস্থলসহ গোটা রংপুরকে। রং-বেরংয়ের ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে রংপুর। নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চালানো হচ্ছে মাইকিং।
