রে জা উ ল ক রি ম খো ক ন
হিনা খান এবারের ৭২তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় হেঁটেছেন। তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইনস’-এর প্রিমিয়ার হয়েছে এবারের কান চলচ্চিত্র উত্সবে। কারগিল যুদ্ধের পটভূমিতে নির্মিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। ছবিটিতে হিনা খানকে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি চরিত্রে দেখা গেছে। তাঁর অভিনয় কান চলচ্চিত্র উত্সবে আগত চলচ্চিত্রবোদ্ধাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। গত বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উত্সবে বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রীদের উপস্থিতি সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করছে। তাঁরা যেমন জমকালো সাজপোশাকে লাল গালিচায় হাঁটছেন, তেমনি মিডিয়ায়ও সে খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, দীপিকা, সোনম কাপুর, কঙ্গনা রানাওয়াত, হুমা কুরেশি, কারিনা কাপুর প্রমুখ বলিউডি সুপারস্টারদের কান চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় হাঁটতে দেখে যাঁরা অভ্যস্ত, তাঁরা এবার ভারতীয় টেলিভিশন তারকা হিনা খানকে সেখানে উপস্থিত থাকতে দেখে অবাক হয়েছে। এটা একজন অভিনেত্রী হিসেবে তার বিরাট অর্জন সন্দেহ নেই। কাজের স্বীকৃতি হিসেবে এই গৌরবময় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সম্মানিত চিত্রতারকা হিসেবে মর্যাদা লাভ করেছেন হিনা খান। আর এ নিয়ে বলিউডে মহাতোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ কেউ হিনার এই বিরাট অর্জনকে তির্যক দৃষ্টিতে দেখে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করতে দ্বিধা করেননি। যার মধ্যে বিখ্যাত ‘ফিল্মফেয়ার’ ম্যাগাজিনের সম্পাদক জিতেশ পিল্লাইয়ের একটি মন্তব্য নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জিতেশ পিল্লাই একটি টিভি শোতে হিনা খানকে ইঙ্গিত করে তাচ্ছিল্যভরা মন্তব্য করেন, ‘কান কি শেষ পর্যন্ত চান্দিভ্যারি স্টুডিও হয়ে গেল নাকি!’ মুম্বাইয়ের বিখ্যাত চান্দিভ্যালি স্টুডিওতে সাধারণত হিন্দি টিভি সিরিয়াল, অ্যাড, মিউজিক ভিডিও ইত্যাদির শুটিং হয়ে থাকে। হিনা খানকে বর্তমানে ভারতীয় ছোটপর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া একজন জনপ্রিয় সুপারস্টার ভাবা হয়। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একটানা ৮ বছর ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এ প্রধান নারী চরিত্র ‘আকসারা’র ভূমিকায় দেখা গেছে তাঁকে। তুমুল জনপ্রিয় ওই হিন্দি সিরিয়ালের মধ্যমণি ছিলেন হিনা। অন্যান্য নতুন টিভি শোতে কাজের ডাক পাওয়ায় হিনা ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ ছেড়ে দেন। এরপর তাঁকে ‘খাতরো কি খিলাড়ি’ ও ‘বিগ বস’ টিভি শোদুটিতে দেখা গেছে ২০১৭ সালে। দুটি শোতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে রানার আপ হিসেবে বিবেচিত হয়েছিলেন তিনি। কাশ্মীরের মুসলিম পরিবারের মেয়েটি এমবিএ পাস করে অভিনয় পেশার সঙ্গে যুক্ত হয়েছিল। একটানা ৮ বছর একটি তুমুল জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালে প্রধান নারী চরিত্রে সফল অভিনয়ের পর গত বছর থেকে যুক্ত হয়েছেন স্টার প্লাস চ্যানেলের এই সময়ের দারুণ আলোচিত ও জনপ্রিয় সিরিয়াল ‘কাসৌটি জিন্দেগি কি’-তে। এখানে তাঁকে খলনায়িকা ‘কমলিকা’র চরিত্রে দেখা যাচ্ছে। খলনায়িকা সাজলেও দর্শকদের মনোযোগ তার দিকেই বেশি। দুর্দান্ত অভিনয়গুণে হিনা খান ‘কমলিকা’ চরিত্রটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছেন। যদিও এর আগে ‘কাসৌটি জিন্দেগি কি’ নামের স্টার প্লাস চ্যানেলে দীর্ঘ সময়ব্যাপী আরেকটি হিন্দি সিরিয়াল দেখানো হয়েছে। সেখানেও খলনায়িকা ‘কমলিকা’ চরিত্রটি ছিল। তখন এ চরিত্রটি রূপায়ণ করেছিলেন উর্বশী ডোলাকিয়া। তবে এবার ‘কমলিকা’ চরিত্রে উর্বশীকে ছাড়িয়ে গেছেন হিনা খান। যাঁরা আগের ‘কাসৌটি’ সিরিয়ালটি ও এখনকারটি দেখেছেন, তাঁরা তুলনামূলক বিচারে ‘কমলিকা’ চরিত্রে হিনা খানের পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন। দুর্দান্ত রূপসী একজন নারী কতটা ভয়ংকর, হিংসুটে ও আগ্রাসী স্বভাবের হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ‘কাসৌটি’ সিরিয়ালের কমলিকা। তেমনি একটি চরিত্র সফলভাবে রূপায়ণের কারণে ঘরে ঘরে হিনার ব্যাপক পরিচিতি ছড়িয়ে পড়েছে নতুন করে। এর আগে তাঁর অভিনীত ‘আকসারা’ চরিত্রটি ছিল এর সম্পূর্ণ বিপরীত। ‘লাইনস’ ছাড়াও ‘সোলমেট’, ‘স্মার্টফোন’ নামের আরো দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন হিনা খান। উল্লেখ্য, বলিউডের প্রখ্যাত নির্মাতা বিক্রম ভাটের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হিনা খান।
