স্রোতস্বিনী ইছামতি এখন মরা খাল

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৩
শিবালয় উপজেলার এক সময়ের বহমান ইছামতি নদী এখন মরা খালে পরিণত হয়েছে। পলিতে ভড়াট হওয়া দীর্ঘ বুক জুড়ে চাষাবাদ চলছে। পর্যাপ্ত পানি না থাকায় মাছ চাষ নেই বললেই চলে। শিবালয় উপজেলার যমুনার শাখা হিসেবে জাফরগঞ্জের উত্তরে ঘোষ বাড়ি নামক এলাকা থেকে ৩৫ কিলোমিটার দূরবর্তী মাচাইন গিয়ে পদ্মায় মিশে। নদীর অধিকাংশ তলদেশ ভরাট হওয়ায় কেবলমাত্র বর্ষা মৌসুম ছাড়া নৌযান চলাচল অসম্ভব। দু’বছর আগে পানি উন্নয়ন বোর্ড ঢাকা-আরিচা মহাসড়কের উথলী ব্রিজের দক্ষিণ পাশ থেকে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত পলি অপসারণের প্রকল্প বাস্তবায়ন করে। এতে, ব্রিজের উত্তর দিকে অন্তত ১৫ কিলোমিটার নদী খনন না করায় পানির প্রবাহ বন্ধ রয়েছে। মাছ চাষ, সেচ সুবিধা ও অন্যান্য কাজ বন্ধ রয়েছে। কর্মকর্তারা জানান, ইছামতি বক্ষের একাংশে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পলি অপসারণের কাজ হলেও বাকি অংশের প্রকল্প নেয়ার পরিকল্পনা রয়েছে।