আগামী ২৩ মার্চ চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে চলছে বিরামহীন প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটছেন এলাকায় এলাকায় ভোটারদের মন জয় করতে। তারা দিনরাত চালিয়ে যাচ্ছেন জনসংযোগ ও উঠান বৈঠক। পোষ্টার পোষ্টারে ছেয়ে গেছে শহর, হাট-বাজার ও গ্রামগঞ্জের সর্বত্র। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ তারিকুজ্জামান ছাড়াও দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সুলতান আহমেদ মৃধা, বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফোরকান সিকদার ও স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃষক লীগ নেতা মোঃ গোলাম সরোয়ার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আঃ রব হাওলাদারের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় নিজ দলীয় তিন বিদ্রোহী প্রার্থী মোঃ ফারুক হোসাইন, মোঃ মোশারেফ হোসেন ও মোঃ সাইদুর রহমান তালুকদার। এছাড়াও, জামায়াতের মোঃ নাজমুল আহসান এবং ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের মোঃ আবদুল মান্নান মনোনয়ন দাখিল করেন। তবে উভয় দলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সোহানা হোসেন ও বিএনপির জেসমিন আক্তার একক প্রার্থী রয়েছেন। এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সুলতান আহমেদ মৃধা ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ফোরকান সিকদার মনোনয়ন প্রত্যাহার করেন। স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃষক লীগ নেতা মোঃ গোলাম সরোয়ার এখনও মাঠে রয়েছেন। এ অবস্থায় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর প্রতিবন্ধকতা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী থাকায় সে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
