জিয়ানগরে প্রার্থীদের দৌড়ঝাঁপ বৃদ্ধি

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৫
জিয়ানগরে উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক প্রাপ্তির পরে বেড়ে গেছে দৌড়ঝাঁপ। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল খালেক গাজী পেয়েছেন আনারস প্রতীক। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজো পুত্র মাসুদ সাঈদী (দোয়াত-কলম) জাতীয় পার্টি জেপি’র জিয়ানগর শাখার সদস্য সচিব ও বালিপাড়ার ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু ( মোটর সাইকেল) ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম হাওলাদার (টেলিফোন) এবং জামায়াত নেতা হারুন অর রশিদ (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন। বালিপাড়া এলাকায় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু’র ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অপরদিকে সাঈদী পুত্র মাসুদ সাঈদী জিয়ানগরের রাজনীতিতে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ভোটের হিসাব অনেকটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আওয়ামী সমর্থিত প্রার্থী আব্দুল খালেক গাজী গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অনেক ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় তিনি এখন চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার টিউবওয়েল, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক উড়োজাহাজ ও প্রচার সম্পাদক আলমগীর কবির মুজাহিদ তালা প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন পেয়েছেন প্রজাপতি ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা বেগম হাঁস এবং শেফালী বেগম কলস প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।